ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সোনারগাঁ বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ

দগ্ধ আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ২

দগ্ধ আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ২
×

ফাইল ছবি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১২:২৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেনের মৃত্যু হয়।

চিকিৎসকরা জানান, তার শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ ছিল। গুরুতর অবস্থায় তিনি কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শংকর (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়। এতে এ ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে। বর্তমানে হাসপাতালে আরও চারজন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি বিশেষজ্ঞ ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৩ মে বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকার মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে মোট ১২ জন দগ্ধ হন।

তাৎক্ষণিকভাবে আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হলে ছয়জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান। বাকি ছয়জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

দগ্ধদের মধ্যে রয়েছেন মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), নাজমুল আলম খান (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), মো. আমির (২৫), শংকর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।

প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
 

আরও পড়ুন

×