প্রেমের টানে ফুলবাড়ীতে চীনের যুবক
চীনা নাগরিক আনহংওয়েই ও মোরশেদা বেগম
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৯:২৮ | আপডেট: ১৭ মে ২০২৬ | ২০:০৮
অনলাইন অ্যাপসের মাধ্যমে পরিচয়ের পর মোরশেদা বেগম নামে বাংলাদেশি নারীকে বিয়ে করেছেন এক চীনা যুবক। আদালতের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন হওয়ায় বর্তমানে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অবস্থান করছেন তারা।
এলাকার মেয়েকে চীনা নাগরিক বিয়ে করে শ্বশুরবাড়িতে আসার খবর ছড়িয়ে পড়ায় রোববার উৎসুক জনতা ভিড় করেছেন উপজেলার ধর্মপুর কালিয়াটারি গ্রামে।
জানা গেছে, ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর কালিয়াটারি গ্রামের মৃত মোফাজ্জল ও সাহেরা বেগম দম্পতির মেয়ে মোরশেদা বেগমের সঙ্গে চীনা যুবকের সঙ্গে সাম্প্রতিক সময়ে অনলাইন অ্যাপসের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে আনহংওয়েই (৩৯) নামে চীনা যুবকের সঙ্গে মোরশেদার প্রেমের সম্পর্ক তৈরি হয়।
চীনা যুবক চীনের শানডং প্রদেশের ডংমিং কাউন্টির দাতুন টাউনের ঝাওঝেনতুন গ্রামের মিস্টার আনজিফাং ও মিসেস মেংফেংজিয়াও দম্পতির ছেলে। তাদের পরিবারে পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।
তাদের সম্পর্ক গভীর হলে বিয়ের জন্য দুই পরিবারের মধ্যে আলাপ-আলোচনা হয়। গত ৯ মে ঢাকার আদালতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। মোরশেদা বেগম শনিবার রাতে তার চীনা স্বামীকে নিজ গ্রামে নিয়ে আসলে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়।
ওই এলাকার আলম মিয়া জানান, বিয়ের পর শনিবার প্রথমবারের মতো ওই যুবক তাদের বাড়িতে আসেন। এ সময় তিনি নিজেকে চীনের নাগরিক ও এই পরিবারের মেয়েজামাই হিসেবে পরিচয় দেন।
চীনা যুবক আনহংওয়েই জানান, তিনি একজন মুসলমান এবং চীনের নাগরিক। মোরশেদার সঙ্গে অনলাইন অ্যাপসের মাধ্যমে তার পরিচয় হয়। তারা বিয়ে করেছেন এবং আগামী ৩০ মে তারা চীনে যাবেন।
মোরশেদা বেগম জানান, ‘আমার স্বামী খুবই ভালো একজন মানুষ। তার সঙ্গে আমি সুখে থাকব। আমি ওর সাথে চীন দেশে যাব। আমার বিশ্বাস হয়েছে, তার সাথে ঘর-সংসার করলে কোনো সমস্যা হবে না, কোনো ভয়ভীতিও থাকবে না।’
স্থানীয় কাশিপুর ইউনিয়ন পরিষদের ধর্মপুর মৌজার ইউপি সদস্য মো: ফেরদৌস আলম জানান, চীনা নাগরিক আসার খবর পেয়ে ওই মেয়ের বাড়ীতে গিয়ে দেখেন উৎসুক জনতার ভিড়। পরে তাদের বিয়ের কাবিননামা দেখেছেন। তারা গত ০৯ মে বিয়ে করেছেন।
- বিষয় :
- অনলাইন অ্যাপ
- বাংলাদেশি
- চীনা নাগরিক
