ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাবিতে ধর্ষণচেষ্টার পর এবার ছাত্রীকে হেনস্তা, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ 

জাবিতে ধর্ষণচেষ্টার পর এবার ছাত্রীকে হেনস্তা, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ 
×

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীরা। ছবি-সমকাল

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ০১:৪৯ | আপডেট: ১৮ মে ২০২৬ | ০২:০২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগত কর্তৃক ধর্ষণচেষ্টার ঘটনার পর এবার নারী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গি, হেনস্তা করাসহ পৃথক তিনটি ঘটনা ঘটেছে৷ এসব ঘটনার প্রতিবাদে রাতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা৷ 

রোববার রাত ১১টার দিকে প্রক্টর কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করেন তারা৷ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর হয়ে কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এসে শেষ হয়৷ পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা৷ 

সমাবেশে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাজিয়া বিনতে শামসুদ্দিন বলেন, প্রশাসনিক ভবনের সামনে আমাদের কর্মসূচি শেষ করার পর আমরা খবর পাই যে, ক্যাম্পাসের ইসলামনগর এলাকায় এক ছাত্রী হেনস্তার শিকার হয়েছেন। পরবর্তীতে আমরা যখন প্রক্টর অফিসে যাই, তখন সেখানে আরও দুজন হেনস্তাকারীকে দেখতে পাই। তখনই আমরা ক্ষোভে ফেটে পড়ি এবং বিক্ষোভে নামি। একই সময়ে, ক্যাম্পাসের একটি দোকানের কর্মচারী বিক্ষোভকারী ছাত্রীদের আপত্তিকরভাবে ভিডিও করার একটি ঘটনাও ঘটে।

তিনি আরও যোগ করেন, ক্যাম্পাসে যেহেতু একের পর এক হেনস্তার ঘটনা ঘটেই চলেছে, তাই আমরা আমাদের দাবি নিয়ে আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

এর আগে, রাত ৯টা ২০ মিনিটের দিকে পৃথক ৩ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা থেকে তিনজনকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ। 

তিনি জানান, ক্যাম্পাসের ইসলামনগর গেট এলাকায় নারী শিক্ষার্থী ও অন্যান্য নারীদের উত্যক্ত ও অশালীন কথা বলার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, সন্ধ্যায় প্রক্টর অফিসের সামনে আন্দোলনরত নারী শিক্ষার্থীদের অনুমতি ছাড়া ভিডিও ধারণের অভিযোগে ক্যাম্পাসের এক দোকান কর্মচারীকেও আটক করা হয়েছে।

এছাড়া, নতুন কলা ভবন এলাকার কাছে নারী শিক্ষার্থীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন

×