ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনের বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনের বিস্ফোরণে আরও একজনের মৃত্যু
×

ফাইল ছবি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১৭:৩৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। সোমবার সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম মো. কাউসার (৩০)। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘কাউসারের শরীরের প্রায় ৫৯ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে একই ঘটনায় দগ্ধ শঙ্কর গোমেজ ও মো. আমির নামে দুই যুবক মারা যান।’

ডা. শাওন আরও বলেন, ‘গত ১৩ মে বুধবার দুপুর পৌনে দুইটার দিকে দগ্ধ অবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। দগ্ধের পরিমাণ কম হওয়ায় ছয়জনকে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ১৩ মে দুপুর ১টার দিকে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী এলাকায় অবস্থিত জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড এর ক্যান্টিনে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার সময় কর্মীরা ক্যান্টিনে দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণে সেখানে থাকা ১২ জন দগ্ধ হন। এর মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকি ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন

×