স্তূপের বালু না কেটে পদ্মায় ড্রেজিং
৬০-৭০ কাটার মেশিন দিয়ে শত শত বাল্কহেডে বালু লোড করে নিয়ে যাওয়া হচ্ছে সমকাল
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৬ | ০৭:৫০
| প্রিন্ট সংস্করণ
শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীর বালুমহালে নিয়মবহির্ভূতভাবে ড্রেজিং করার অভিযোগ উঠেছে। এতে নদীতীরবর্তী বেড়িবাঁধ, চরের বসতঘর ও বিস্তীর্ণ ফসলি জমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। বিশেষ করে চরের কাছাকাছি এলাকার নদী থেকে গভীরভাবে বালু উত্তোলনের কারণে আতঙ্কে দিন কাটাচ্ছেন চরাঞ্চলের হাজারো মানুষ।
স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সীমানা ও শর্ত না মেনে অর্ধশত ড্রেজার ও কাটার মেশিন বসিয়ে দিনরাত বালু উত্তোলন করা হচ্ছে। এতে সামনের বর্ষা মৌসুমে নদীভাঙন ব্যাপক আকার ধারণ করার আশঙ্কা করা হচ্ছে।
গত বছর নড়িয়ার চরাত্রা চরের বালুর স্তূপ থেকে ১০ কোটি ঘনফুট বালু নিলামের মাধ্যমে বিক্রি করে উপজেলা প্রশাসন। প্রতি ঘনফুট বালুর মূল্য ০.৪৯ টাকা হিসাবে প্রায় চার কোটি ৯০ লাখ টাকায় কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান তাসিন তাহান কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটির মালিক ফরিদ উদ্দিন রয়েল মাঝি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
নিলামের শর্ত অনুযায়ী শুধু স্তূপে থাকা বালু অপসারণের অনুমতি থাকলেও স্থানীয়দের অভিযোগ, স্তূপের বালুর পরিবর্তে পদ্মা নদীর তলদেশ থেকে অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলন করা হচ্ছে। স্তূপের অন্তত ৩০০ মিটার আগে থেকেই বালু উত্তোলন করা হচ্ছে। সরেজমিন নৌপথ ঘুরে দেখা যায়, চরাত্রায় বালুর স্তূপের নিচে ও এর পাশে আগে থেকেই ৫০-৬০টি কাটার ও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। আধা কিলোমিটার এলাকাজুড়ে এ কর্মযজ্ঞ চলছে।
গত বছরের ১৬ এপ্রিল নড়িয়ায় পদ্মা থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ, অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। নড়িয়ার ‘সর্বস্তরের জনসাধারণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এরপর বালু উত্তোলন নিয়ে একই স্থানে বিএনপির দুই পক্ষ বিক্ষোভ ডাকায় ওই বছরের ২০ এপ্রিল ১৪৪ ধারা জারি করে নড়িয়া উপজেলা প্রশাসন। এ অবস্থায় বালু কাটার কাজ প্রায় সাত মাস বন্ধ ছিল।
স্থানীয়রা বলছেন, এভাবে বালু উত্তোলনের ফলে নদীর গভীরতা ও পানি ধারণক্ষমতা আকস্মিকভাবে বেড়ে গিয়ে তীব্র স্রোত সরাসরি নদীতীরে আঘাত হানছে। ফলে তীরের বিস্তীর্ণ এলাকা, ফসলি জমি ও বসতভিটা ভাঙনের ঝুঁকির আশঙ্কা রয়েছে। এই বালুর স্তূপের দেড়-দুই কিলোমিটারের মধ্যে থাকা ‘নড়িয়া-জাজিরা পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্প’ও ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা যায়, এক যুগ ধরে পদ্মার ভয়াল ভাঙনের সঙ্গে লড়াই করে আসছে নড়িয়ার তীরবর্তী জনপদ। বিশেষ করে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভয়াবহ ভাঙনে নড়িয়ার প্রায় ৩০ হাজার পরিবার গৃহহীন হয়ে পড়ে। নদীতে বিলীন হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি-বেসরকারি নানা স্থাপনা, অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সড়ক।
নদীভাঙন থেকে নড়িয়া-জাজিরার মানুষকে রক্ষা করতে ২০১৯ সালে পানি উন্নয়ন বোর্ড ‘নড়িয়া-জাজিরা পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্প’ বাস্তবায়ন করে। প্রকল্পের আওতায় জাজিরার শফিকাজীর মোড় থেকে নড়িয়ার সুরেশ্বর পর্যন্ত প্রায় ১০ দশমিক ২ কিলোমিটার এলাকাজুড়ে নদী রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। এতে ব্যয় ধরা হয় ১ হাজার ৪১৭ কোটি টাকা।
এ ছাড়া প্রকল্পের অংশ হিসেবে সাড়ে ছয় কিলোমিটার নদীপথে চর খননের কাজও করা হয়। পাশাপাশি নির্মিত বাঁধ শক্তিশালী ও টেকসই করতে নড়িয়ার সুরেশ্বর থেকে মুলফৎগঞ্জ পর্যন্ত আরও ছয় কিলোমিটার এলাকায় নদীতে ফেলা হয় ১১ লাখ বালুভর্তি জিও ব্যাগ। এ কাজে ব্যয় হয়েছে আরও ৮০ কোটি টাকা।
চরাত্রা ইউনিয়নের বাসিন্দা ষাটোর্ধ্ব কৃষক সালাউদ্দিন মোল্লা বলেন, ‘আমরা এই জমিতে মরিচ ও ধানের চাষ করতাম। চলতি বছরও ধান লাগাইছিলাম। আমি জমি থেকে প্রায় ৫০ মণ ধান পাইছিলাম। এখন তারা নিচ থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। বাধা দিলেও কোনো কথা শোনে না।’
চরাত্রা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল আউয়াল চোকদার বলেন, নদীর ৩০ থেকে ৪০ ফুট গভীর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এভাবে বালু কাটতে থাকলে আমরা এখানে টিকে থাকতে পারব না। ফসলি জমিতে ধান চাষ করা যাবে না, কৃষিকাজও হুমকির মুখে পড়বে। বালুর স্তূপ অপসারণের নামে তারা আসলে নদীর তলদেশ কেটে নিয়ে যাচ্ছে। এতে পুরো চরাত্রা ইউনিয়নই ঝুঁকির মধ্যে পড়েছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত এই কার্যক্রম বন্ধের দাবি জানাই।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ফরিদ উদ্দিন রয়েল মাঝি বলেন, আমরা নিলামের মাধ্যমে কাজটি পেয়েছি এবং সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ পরিচালনা করছি। মাঝখানে সাত মাস কাজ বন্ধ ছিল। বর্তমানে নিয়ম মেনেই বালুর স্তূপ থেকে বালু উত্তোলন করা হচ্ছে।
ইউএনও আব্দুল কাইয়ুম খান বলেন, বালু উত্তোলন কাজের তদারকির জন্য উপজেলার তিনটি দপ্তর নিয়ে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তারা নিয়মিত পর্যবেক্ষণ করে আমাদের রিপোর্ট দেবেন। নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলনের বিষয়টি আমরা খতিয়ে দেখব। কেউ লিখিত অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।
- বিষয় :
- বালুদস্যু
