ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঠিকাদারকে গুলি, জামায়াত নেতাসহ দুজন গ্রেপ্তার

ঠিকাদারকে গুলি, জামায়াত নেতাসহ দুজন গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৭:১২

খুলনায় ঠিকাদারকে গুলি করার ঘটনায় দুই ঠিকাদার নেতাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়েছিলো। রাতে ভুক্তভোগীর স্বজনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। 

তাদের একজন খাদ্য পরিবহন (সড়কপথ) ঠিকাদার সমিতির আহ্বায়ক আজিজুর রহমান স্বপন, অন্যজন হলেন– ঠিকাদার সরদার তকিবুর রহমান। স্বপন জামায়াতে ইসলামীর হয়ে খুলনা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন। 

আহত শেখ হারুনুর রশিদ খাদ্য পরিবহন (সড়কপথ) ঠিকাদার সমিতির সাবেক সহসভাপতি। সমিতির কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কার্যালয়ের ভেতরে গুলিবিদ্ধ হন তিনি।

উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, হারুনুর রশিদসহ আগের কমিটির নেতারা অস্ত্র নিয়ে সমিতি কার্যালয়ে প্রবেশ করেন। দুই গ্রুপের ধস্তাধস্তির এক পর্যায়ে হারুনুর রশিদের কাছে থাকা বন্দুকের একটি গুলি তার পায়ে বিদ্ধ হয়। তবে হারুনুর রশিদের দাবি, প্রতিপক্ষের লোকজনই তাঁকে গুলি করেছেন।

এ ঘটনায় মঙ্গলার রাতেই হারুনুর রশিদের ভাগ্নে মো. আনিসুজ্জামান বাদী হয়ে বর্তমান কমিটির আহ্বায়ক আজিজুর রহমান স্বপন, সদস্য সচিবসহ ৮ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই জুয়েল রানা বলেন, হামলার আগে সমিতি কার্যালয়ের সিসি ক্যামেরা বিকল করে দেওয়া হয়। এ জন্য ঘটনাস্থলের কোনো ফুটেজ পাওয়া যায়নি। দুই পক্ষই গুলির ঘটনায় একে অপরকে দোষারোপ করছে। মামলা হওয়ায় আজিজুর রহমান স্বপন ও তাকিবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গুলি কারা করেছেন, তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×