ফেরিতে ওঠার আগে বাস থেকে যাত্রী নামিয়ে দেওয়ার নির্দেশ নৌ-প্রতিমন্ত্রীর
পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। ছবি : সমকাল
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৬ | ১৮:১৬
ফেরিতে ওঠার আগে বাস থেকে যাত্রীদের নামানোর নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাট এলাকা পরিদর্শন শেষে তিনি এ নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী বলেন, দুর্ঘটনা এড়াতে ফেরিতে ওঠার আগেই বাস থেকে যাত্রীদের নামিয়ে দিতে হবে। আবার বাস ফেরি থেকে নামার পর যাত্রীদের উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যাতে ফেরিতে যাত্রীবাহী বাস লোড-আনলোড করার সময় কোনো দুর্ঘটনা না হয়।
আগামী সোমবার শুরু হচ্ছে কোরবানির ঈদ উপলক্ষে সাতদিনের সরকারি ছুটি। এর আগে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়কপথে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট মানিকগঞ্জ ও রাজবাড়ীর মধ্যকার পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী।
ঈদযাত্রায় মানুষজন নিরাপদে বাড়ি যেতে পারবেন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ঘাট এলাকায় এসে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হবে না। ঘাটে যাত্রীদের কোনো সমস্যা হলে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়ী থাকবেন। ঘাট এলাকায় কোন অব্যবস্থাপনা বা কোন ধরনের সমস্যা হলে ঘাট এলাকায় যারা বড় পদের দায়িত্বে থাকবেন তাকেই জবাব দিতে হবে। তার বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরে প্রতিমন্ত্রী রাজিব আহসান রাজবাড়ী অংশের দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাট এলাকাও পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন পাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার, সাবেক জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস সালাম, বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মো. রবিউল আলম, শিবালয় থানার ওসি মো. মনির হোসেন প্রমুখ।
- বিষয় :
- মানিকগঞ্জ
