ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নজরুলজয়ন্তী ঘিরে ত্রিশালে সাজ সাজ রব

নজরুলজয়ন্তী ঘিরে ত্রিশালে সাজ সাজ রব
×

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপনে সাজানো হচ্ছে অনুষ্ঠানস্থল সমকাল

 ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬ | ০৮:৪৮ | আপডেট: ২২ মে ২০২৬ | ০৮:৫৪

| প্রিন্ট সংস্করণ

ত্রিশালে এখন সাজ সাজ রব। দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিশালে। আগামীকাল শনিবার তিন দিনব্যাপী নজরুলজয়ন্তীর অনুষ্ঠানমালা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী ত্রিশাল পৌঁছে প্রথমে বৈলর ইউনিয়নে ধরার খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করবেন, যে খালটি খনন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল অডিটোরিয়ামে তিনি ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। গত বুধবার প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে। এ উৎসব ঘিরে নতুন সাজে সেজেছে ত্রিশাল।

২৩, ২৪ ও ২৫ মে তিন দিনব্যাপী নজরুলজয়ন্তী উদযাপন উপলক্ষে ত্রিশালে আগমন ঘটবে অগণিত নজরুলভক্ত, দেশবরেণ্য কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, নজরুল গবেষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের। লাখো মানুষের পদচারণা ও নজরুল মঞ্চে নজরুলসংগীতের সুর-ঝংকারে মুখরিত হয়ে উঠবে এলাকা। সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুল গ্রামীণ মেলা ও বইমেলায় ভিড় জমবে নজরুলভক্তের। কবির বাল্যস্মৃতি বিজড়িত দর্শনীয় স্থানগুলোও ঘুরে দেখবেন ভক্তরা।

প্রতিবারের মতো সরকারি নজরুল একাডেমির বিশাল মাঠজুড়ে বসেছে ‘নজরুল গ্রামীণ মেলা’। নজরুলজয়ন্তী ও নজরুল গ্রামীণ মেলা ঘিরে এ উৎসবের প্রতীক্ষায় দিন গোনে ত্রিশালবাসী। দূরদূরান্তের আত্মীয়স্বজন কয়েক দিনের জন্য নায়র (বেড়াতে) আসেন অনুষ্ঠানমালা উপভোগ করতে। ইতোমধ্যে মাঠে পাঁচ শতাধিক দোকানপাট বসেছে বলে জানিয়েছে মেলা পরিচালনা কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সরকারি নজরুল একাডেমি মাঠ ঘুরে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমন ও ১২৭তম নজরুলজয়ন্তী ঘিরে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। সাজানো গোছানো হচ্ছে নজরুল মঞ্চ। রংতুলির আঁচড় পড়ছে আশপাশের ভবন ও সড়কে। সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। ত্রিশালের প্রাচীন সাংস্কৃতিক সংগঠন শুকতারা সংঘে গিয়ে দেখা যায়, শিল্পী ও কলাকুশলীরা অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন।
স্থানীয় সংস্কৃতিকর্মী খায়রুল বারী সজীব বলেন, ‘নজরুলজয়ন্তী আমাদের প্রাণের উৎসব। এবার জাতীয় পর্যায়ে এ অনুষ্ঠান আয়োজনে আমরা উচ্ছ্বসিত। এ অঞ্চলের মানুষ এই দিনটির জন্য অপেক্ষায় থাকে।’
কবি জুয়েল মুর্শেদ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টির কারণেই দীর্ঘসময় ধরে বঞ্চিত নজরুলের বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান হতে যাচ্ছে।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীর ভাষ্য, প্রধানমন্ত্রীর ত্রিশালে আগমন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন

×