টাঙ্গাইলে মোটরসাইকেলে ঝড়ে গেলে তিন কিশোরের প্রাণ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৬ | ১৭:৩৭
টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালিমন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তাকবীর মিয়া (১৫), একই এলাকার শওকত আলীর ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী লিমন মিয়া (১৩) এবং সোলায়মানের ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী মো. সাইমন (১৪)।
স্থানীয়রা জানায়, টাঙ্গাইলগামী একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা বাসাইল-ভাতকুড়া সড়কের বাংড়া কালিমন্দির এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন কিশোরের মধ্যে তাকবীর মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত হয় আরো দুইজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিমনের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যায় সাইমন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত
