ভৈরব রেলস্টেশনে সংঘর্ষ ও থানা ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি দেড় শতাধিক
ছবি: সমকাল
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ১৯:৫৬
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে সংঘর্ষ, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং রেলওয়ে থানা ভাঙচুরের ঘটনায় দেড় শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে রেলওয়ে থানা পুলিশ। শনিবার সকালে রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বিএম আফজাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে ভৈরব পৌর শহরের পঞ্চবটি ও জগন্নাথপুর এলাকার যুবকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে গত ৪ জুন বিকেলে ভৈরব রেলস্টেশন এলাকায় জগন্নাথপুর এলাকার লিয়াম নামে এক যুবককে মারধরের ঘটনা ঘটে। পরে দুই এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অংশ নেয়। একপর্যায়ে রেলস্টেশন ও আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে রেলওয়ে থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী চেষ্টা চালালেও সফল হয়নি। পরে ভৈরব থানা পুলিশ, শহর ফাঁড়ি পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে দুই থানার ওসিসহ একাধিক পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে।
রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ জানান, সংঘর্ষকারীরা রেলস্টেশন ও রেলওয়ে থানায় ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এছাড়া স্টেশন প্ল্যাটফর্ম ও সংলগ্ন এলাকার বিভিন্ন দোকানপাটে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এতে সাধারণ যাত্রী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
ভৈরব স্টেশন মাস্টার ইউসুফ মিয়া বলেন, সংঘর্ষে স্টেশনের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো নির্দেশনা না পাওয়ায় পৃথক আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
