নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২৪
ফাইল ছবি
নোয়াখালী প্রতিনিয়ত
প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ২০:৪৫
নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ২৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম। তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে উপজেলার এওজবালিয়া, কালাদরাপ ও নোয়াখালী পৌরসভা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে নয়জন যুবলীগ এবং ১৫ জন ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার বাঁধেরহাট বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা মব সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
স্থানীয়দের দাবি, নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম ওরফে বাবুর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলের আগে দুপুর থেকেই সংগঠনটির বিপুলসংখ্যক নেতাকর্মী বাঁধেরহাট বাজার এলাকায় জড়ো হতে থাকেন।
ওসি মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘মিছিলের সম্ভাব্য তথ্য পাওয়ার পর আগেই বাঁধেরহাট বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছিল। নির্ধারিত স্থানে কর্মসূচি পালন করতে না পেরে পরে তারা বাজারের বাইরে মিছিল করে। ঘটনার পরপরই রাতভর অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’
