মামিকে হত্যা করে লাশের পাশেই তিন ঘণ্টা অস্ত্র হাতে ভাগিনা
ফাইল ছবি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৬ | ০৫:৪৮
মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামে সাথী আক্তার (৩৫) নামে এক নারীকে হত্যা করে তার মরদেহের পাশে ধারালো অস্ত্র হাতে প্রায় তিন ঘণ্টা বসে ছিলেন অভিযুক্ত ভাগিনা রিপন মিয়া (২০)। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাথী আক্তার ওই এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী। অভিযুক্ত রিপন মিয়া একই এলাকার আতাউর রহমান আতার ছেলে এবং নিহতের ভাগিনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে সাথী আক্তারের সঙ্গে রিপন মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন ধারালো অস্ত্র দিয়ে সাথী আক্তারের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর রিপন ঘরের দরজা বন্ধ করে মরদেহের পাশে অস্ত্র হাতে বসে থাকেন। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দরজা খোলার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। দীর্ঘ চেষ্টার পর রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ ঘরে প্রবেশ করে রিপন মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, ‘এক নারীকে হত্যা করে ঘরের ভেতরে অস্ত্র হাতে অবস্থান করছে- এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
