গ্যাসবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর আগুনে পুড়ল যাত্রীবাহী বাস
ছবি: সমকাল
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১৮:৩৬
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় গ্যাসবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। এতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে যাত্রীদের মালামালও ভস্মীভূত হয়েছে।
সোমবার দুপুর পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কুষ্টিয়াগামী এফকে পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনের অংশের সঙ্গে ঢাকাগামী স্পেক্ট্রা কোম্পানির তরল গ্যাসবাহী ট্রাকের পেছনের অংশের সংঘর্ষ হয়। সংঘর্ষের কিছুক্ষণ পর বাসটিতে আগুন ধরে যায়। একই সঙ্গে গ্যাসবাহী ট্রাক থেকে গ্যাস লিকেজ শুরু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। কেউ কেউ জানালার কাঁচ ভেঙেও বের হওয়ার চেষ্টা করেন। এতে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর দুই গাড়ির চালকই গাড়ির চাবি রেখে পালিয়ে যান।
দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস আগুন ও গ্যাস লিকেজ নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বাস ও ট্রাকটি গোলড়া হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
বাসের যাত্রী আব্দুল কাদের বলেন, ‘আমাদের বাস সঠিক পাশ দিয়েই যাচ্ছিল। হঠাৎ উল্টো দিক থেকে আসা একটি গ্যাসবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। প্রথমে আগুন কম ছিল। পরে দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ে। আমার কাপড়সহ সব মালামাল পুড়ে গেছে।’
আরেক যাত্রী নৈমুদ্দিন শেখ বলেন, ‘বাসের গতি কম ছিল। সংঘর্ষের পর আগুন ধরে যায়। সৌভাগ্যবশত সবাই বের হতে পেরেছে। কেউ দরজা দিয়ে, কেউ জানালার কাচ ভেঙে বের হয়েছে।’
মানিকগঞ্জ সদর ফায়ার সার্ভিসের ইনচার্জ মিয়ারাজ উদ্দিন বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি পুড়ে গেলেও যাত্রীদের বড় ধরনের ক্ষতি হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বলেন, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যান চলাচল দ্রুত স্বাভাবিক করতে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করেছে।
- বিষয় :
- মানিকগঞ্জ
- আগুন
- সড়ক দুর্ঘটনা
- বাসে আগুন
