ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ, অতিরিক্ত ভাড়া তারপরও ভোগান্তি
ছবি: সমকাল
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৬ | ২১:২১ | আপডেট: ২৫ মে ২০২৬ | ২১:২৩
ঈদুল আজহার ছুটির প্রথম দিন থেকেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। তবে যাত্রার শুরুতেই অতিরিক্ত ভাড়া, যানবাহনের সংকট ও দীর্ঘ অপেক্ষায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সোমবার সকাল থেকে মুন্সীগঞ্জ অংশের অন্তত চারটি যাত্রী ছাউনিতে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের দীর্ঘ সারি দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই কাঙ্ক্ষিত পরিবহন পাচ্ছেন না। পরিবার-পরিজন নিয়ে ঈদ করতে গ্রামের বাড়ি যেতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
যাত্রীদের অভিযোগ, নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি টাকা আদায় করা হচ্ছে। অনেক পরিবহনেই সিট সংকট দেখিয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হলেও মিলছে না স্বস্তিদায়ক সেবা। এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যেখানে ভাড়া ২৫০ টাকা, সেখানে ৭০০ টাকা পর্যন্ত চাচ্ছে। এত টাকা দিয়েও সিট পাওয়া যাচ্ছে না।’ আলমাস আলী নামে আরেক যাত্রী বলেন, ‘ভাড়া বেশি নিচ্ছে, আবার আচরণও খারাপ। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো বাস পাচ্ছি না।’ যাত্রী ছাউনিতে অপেক্ষমাণ আরেকজন বলেন, ‘পরিবার নিয়ে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছি। সময়মতো বাড়ি পৌঁছাতে পারবো কি না, সেই দুশ্চিন্তায় আছি।’
এদিকে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিভিন্ন সংস্থা প্রস্তুতির কথা জানিয়েছে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘যাত্রীদের নিরাপত্তায় টহল টিমের পাশাপাশি একাধিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে, যাতে দুর্ঘটনা ঘটলে দ্রুত সেবা দেওয়া যায়।’
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ বলেন, ‘ঈদকে সামনে রেখে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে। মোটরসাইকেলের জন্য অতিরিক্ত দুটি লেনসহ মোট ১০টি লেন চালুর জন্য প্রস্তুত রাখা হয়েছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় ৬টি টিম কাজ করছে। এর মধ্যে চারটি চেকপোস্ট ও দুটি মোবাইল টিম সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। তবে যাত্রীদের দাবি, অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণ ও বাড়তি যানবাহনের ব্যবস্থা দ্রুত নিশ্চিত না করা গেলে ঈদযাত্রার ভোগান্তি আরও বাড়বে।’
- বিষয় :
- ভাড়া বৃদ্ধি
- ভিড়
- ঈদ যাত্রা
