পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেল স্বামী-স্ত্রী-সন্তানের
নিহত মনির হোসেন, তার স্ত্রী মুন্নি আক্তার এবং ছেলে আয়ান।
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৬ | ২১:৩৯ | আপডেট: ২৫ মে ২০২৬ | ২২:২০
কিশোরগঞ্জের মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী-সন্তান নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার ভাতশালা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মিঠামইন সদর ইউনিয়নের মহিষের কান্দি গ্রামের মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের ছেলে আয়ান (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মনির হোসেন স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে অষ্টগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথে ভাতশালা সেতু থেকে প্রায় ৩০০ গজ দূরে পৌঁছালে মিঠামইন থেকে অষ্টগ্রামগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও তাদের সন্তানের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পিকআপচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ অষ্টগ্রাম এলাকা থেকে গাড়িসহ তাকে আটক করে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত
