নওগাঁ
১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ১৯ ঘণ্টা পর ভারতে ফিরিয়ে নিল বিএসএফ
রাত প্রায় ২টার দিকে বিএসএফ তাদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বলে নিশ্চিত করেছে বিজিবি। ছবি: সমকাল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ১২:৪২ | আপডেট: ০৬ জুন ২০২৬ | ১৩:০০
নওগাঁর সাপাহার সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। প্রায় ১৯ ঘণ্টা অবস্থানের পর শেষ পর্যন্ত তাদের ভারতে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার দিয়ে ওই ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে ভারতের পান্নাছড়া বিএসএফ ক্যাম্প। তবে বিজিবির শক্ত অবস্থানের কারণে সেই চেষ্টা সফল হয়নি।
খবর পেয়ে সীমান্তে দ্রুত অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে দুই বাহিনীর নজরদারির মধ্যে ১৭ জনকে শূন্যরেখা ও নোম্যান্সল্যান্ড এলাকায় রাখা হয়। প্রায় ১৯ ঘণ্টা এ পরিস্থিতি চলতে থাকে। রাত প্রায় ২টার দিকে বিএসএফ তাদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বলে নিশ্চিত করেছে বিজিবি।
নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ঘটনার পর সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়। মানবিক বিবেচনায় প্রথমে তাদের শূন্যরেখার কাছাকাছি রাখা হলেও পরে নোম্যান্সল্যান্ডে স্থানান্তর করা হয়। পরবর্তীতে বিএসএফ তাদের ফিরিয়ে নেয়।
তিনি আরও জানান, ওই ১৭ জনের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৫ জন শিশু রয়েছে। তাদের পরিচয় ও নাগরিকত্ব নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার রয়েছে।
