মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৬ জনকে পুশইনের চেষ্টা
নারী ও শিশুসহ ৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ছবি: সমকাল
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ১২:০৪
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে নারী ও শিশুসহ ৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার ভোরে তেঁতুলবাড়িয়া সীমান্তের ১৪০/৫ এস আন্তর্জাতিক পিলারের কাছে এ ঘটনা ঘটে। ভারতের নদীয়া জেলার করিমপুর থানার বেড় রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়।
বিজিবি ও স্থানীয়দের বরাতে জানা যায়, বিএসএফ কাটাতারের বেড়া খুলে ওই ৬ জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। পরে তারা পায়ে হেঁটে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে। এতে তারা আবার ভারতের দিকেই ফিরে যেতে বাধ্য হয়।
তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের গ্রহণ না করায় তারা বর্তমানে কাটাতারের বেড়ার পাশে ভারতের ভূখণ্ডেই অবস্থান করছে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হ্যান্ড মাইকে বারবার ঘোষণা দিয়ে পুশইন বন্ধের আহ্বান জানানো হচ্ছে এবং তাদেরকে ফেরত নেওয়ার অনুরোধ করা হচ্ছে। তবে বিএসএফের পক্ষ থেকে এখনো কোনো সাড়া মেলেনি।
তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার হাবিবুর রহমান বলেন, অবৈধ অনুপ্রবেশ বা পুশইন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। স্থানীয়রা জানান, বিজিবির পাশাপাশি গ্রামবাসীরাও সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন, যাতে কোনো ধরনের অনুপ্রবেশ না ঘটে।
