ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা

অতিরিক্ত যানবাহনের চাপ ও সড়কে গাড়ি বিকল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা
×

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ১১:০৫ | আপডেট: ০৬ জুন ২০২৬ | ১১:০৯

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৮ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ এবং যমুনা সেতু ও এর সংযোগ সড়কে একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শনিবার সকালে মহাসড়কের বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা হতে টাঙ্গাইলের পৌলী এলাকা পর্যন্ত দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে। এতে শতশত বাস, ট্রাক, পণ্যবাহী যান ও ব্যক্তিগত গাড়ি ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা গরমে ভোগান্তিতে পড়েন।

গাজীপুর থেকে নাটোরগামী একটি বাসের চালক মাহবুবুর রহমান বলেন, টাঙ্গাইল এলাকা থেকেই যানজট শুরু হয়েছে। এলেঙ্গা এলাকায় এসে পুরোপুরি আটকে থাকতে হচ্ছে। গরমে যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

ঢাকা থেকে নাটোরগামী প্রাইভেটকারের চালক মোহাম্মদ আলম বলেন, টাঙ্গাইল থেকে ধীরগতিতে চলার পর এলেঙ্গা এলাকায় এসে যানজটে আটকা পড়েছি। দীর্ঘ সময় অপেক্ষার কারণে চরম ভোগান্তির মধ্যে আছি।

অতিরিক্ত যানবাহনের চাপ ও সড়কে গাড়ি বিকলের কারণে যানজট বেড়েছে

এদিকে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ বলেন, যমুনা সেতু এলাকায় বিকল হওয়া যানবাহন সরিয়ে নেওয়া এবং যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদ-পরবর্তী কর্মস্থলমুখী মানুষের চাপ এবং উত্তরাঞ্চলগামী যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় মহাসড়কে যান চলাচলে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। এর মধ্যে কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

সকালের দিকে কিছু কিছু স্থানে যান চলাচল ধীরগতিতে শুরু হলেও মহাসড়কের বেশ কয়েকটি অংশে এখনও দীর্ঘ যানজট রয়েছে। এতে উত্তরাঞ্চল ও ঢাকামুখী যাত্রীদের ভোগান্তি এখনও কমেনি।

আরও পড়ুন

×