ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

খুলনায় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীকে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই

খুলনায় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীকে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই
×
×

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ১৪:৪১

খুলনায় বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মীকে গুলি করে তার কাছে থাকা ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডে তামান্না টাওয়ারের দক্ষিণ পাশে নাসিম ট্রেডার্সের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে।

গুলিবিদ্ধ সালমান (২৩) জাপান টোব্যাকো কোম্পানিতে অফিস সহকারী হিসেবে কর্মরত। তিনি নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডের সবুজবাগ এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম জাহাঙ্গীর হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোম্পানি অফিস থেকে বের হয়ে মোটরসাইকেলে উঠছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে সালমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পেটের ডান পাশে গুলি লাগে। পরে তাঁর কাছে থাকা ল্যাপটপের ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

জাপান টোব্যাকোর এক কর্মকর্তা জানান, প্রতিদিন ওই সময় টাকার ব্যাগ নিয়ে ব্যাংকে যেতেন কর্মচারীরা। আজ মঙ্গলবার ওই ব্যাগে ল্যাপটপ নিয়ে সালমান বের হন। ছিনতাইকারীরা তাঁকে গুলি করে ওই ব্যাগ নিয়ে গেছে।

খবর পেয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি লোকমান হোসেন বলেন, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন

×