সাংবাদিক ও সাবেক এমপি মুহম্মদ শফিকুর রহমানের দাফন সম্পন্ন
ছবি: সমকাল
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ১২:৪৭
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সোমবার বেলা দুইটায় ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা আবদুল হামিদ উচ্চবিদ্যালয় মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে এ সময় থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল। পরে তারা মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
একই স্থানে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন স্থানীয় চান্দ্রা দরবার শরিফের পীর মাওলানা হুজ্জাতুল্লাহ।
জানাজার আগে বক্তব্য দেন চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, আইনজীবী মজিবুর রহমান ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী এবং সাংবাদিক রহিম বাদশাহসহ অন্যরা।
মুহম্মদ শফিকুর রহমান গত শনিবার বিকেল তিনটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত মৌলভী আব্দুল হামিদ ও আয়েশা খাতুন দম্পতির ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মুহম্মদ শফিকুর রহমান ২০১৮ ও ২০২৪ সালে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দুইবার জাতীয় প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন এই বীর মুক্তিযোদ্ধা।
- বিষয় :
- চাঁদপুর
- সাংবাদিক
- দাফন সম্পন্ন