ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

গাজীপুরে বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
×
×

মৌচাক এলাকায় শ্রমিকেরা সড়কে নেমে এলে মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: সমকাল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ১৩:৫৮ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ | ১৪:০৩

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে মৌচাক এলাকায় শ্রমিকেরা সড়কে নেমে এলে মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা পৌনে দুইটার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে স্থানীয় সাদমা টেক্সটাইল নামের একটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। পরে শ্রমিকেরা মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় বিভিন্ন গন্তব্যের যাত্রীরা আটকা পড়েন। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েন তারা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরাও আসেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

আরও পড়ুন

×