রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
ছবি: সমকাল
পাবনা অফিস ও ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ১২:৩৬ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ | ১৩:২৩
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের জন্য আমদানি করা পারমাণবিক জ্বালানির দ্বিতীয় চালান। মঙ্গলবার সকাল ৭টা ৪৬ মিনিটে জ্বালানিবাহী তিনটি লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় লরিগুলো সেখানে পৌঁছায়।
এর আগে সোমবার সকাল ৮টা ১৪ মিনিটে রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি নিয়ে আসা একটি বিশেষ কার্গো বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আনা হবে। এ ছাড়া প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি চালানে ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি ইতিমধ্যে দেশে আনা হয়েছে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে পৌঁছানোর কথা রয়েছে।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। সে হিসাবে দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।
এদিকে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় পরীক্ষা ও কার্যক্রম সম্পন্ন হয়েছে। এসব পরীক্ষার প্রতিবেদন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে জমা দেওয়া হয়েছে।
বায়েরা চূড়ান্ত অনুমোদন দিলে প্রথম ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনের পরবর্তী ধাপ-স্টেজ-সি বা পাওয়ার স্টার্টআপ পর্যায়ে প্রবেশ করবে। এ পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে বিভিন্ন যন্ত্রপাতি ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের প্রক্রিয়া শুরু হবে।