ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নজরুলের গানে মুগ্ধতা ছড়াচ্ছেন লায়লা

নজরুলের গানে মুগ্ধতা ছড়াচ্ছেন লায়লা
×

লায়লা বাউল

 হাসানউজ্জামান, ফরিদপুর

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১০:০১

| প্রিন্ট সংস্করণ

লায়লা বাউল। ফরিদপুর শহরের বাসিন্দারা তাঁকে এ নামেই চেনেন। একজন সংসারত্যাগী ভবঘুরে মানুষ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে একটি অনুষ্ঠানে নজরুলগীতি গেয়ে সামাজিক মাধ্যমে আলোড়ন তোলেন লায়লা। 

গত শনিবার বিকেলে শহরের ময়েজ মঞ্জিলে এ অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর সাহিত্য পরিষদ। অনুষ্ঠানে খালি কণ্ঠে নজরুলগীতি পরিবেশন করে রাতারাতি ব্যাপক পরিচিতি পান লায়লা বাউল। স্থানীয় ফ্রিল্যান্স ফটোগ্রাফার অপূর্ব অসীম অপু লায়লা বাউলের গান মাঝে মাঝে ভিডিও করে আপলোড করেন তাঁর ফেসবুক পেজ ও ইউটিউবে। সমকালকে তিনি বলেন, ‘পথে-ঘাটে যখনই লায়লা বাউলকে পাই, তাঁর একটা গান রেকর্ড করে আপলোড করি।’ 

তিনি আরও বলেন, ‘আমি যতদূর জানি– তাঁর নিজস্ব কোনো ঠিকানা নেই। চাইলেই লায়লা বাউলকে খুঁজে পাওয়া যায় না।’ 
খোঁজ নিয়ে জানা যায়, লায়লার বিচরণক্ষেত্র একসময় ছিল ফরিদপুর শহরের রথখোলা এলাকায়। গতকাল সোমবার সন্ধ্যায় সরেজমিন রথখোলা এলাকায় গিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর বর্তমান বয়স আনুমানিক ৬৫ বছর। শৈশবে এলাকার ‘দিলীপের মা’ নামে পরিচিত এক নারীর সান্নিধ্যে আসেন বাবা-মা বিচ্ছিন্ন লায়লা। ওই নারী তাঁকে কৈশোরে বিয়ে দেন ইসলাম শেখ নামের এক যুবকের সঙ্গে। ৯ বছর আগে সেই ইসলাম শেখ মারা যান। লায়লার দুই ছেলে দুই মেয়ে। দুই ছেলে আবুত মনা ও টুটুল শেখ বর্তমানে ফরিদপুর শহরতলির হারোকান্দি এলাকায় থাকেন। 

টুটুল বলেন, ‘মা গানপাগল মানুষ; মাঝে মাঝে কোথায় চলে যান, আবার ফিরে আসেন। যাওয়ার সময় আমাদের বলে যান না। কিন্তু একাই আবার ফিরে আসেন। বিভিন্ন বাউলের আসরে তিনি ঘুরে বেড়ান।’ 
ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন বলেন, ‘আরও ২০ বছর আগে লায়লার গান শুনে মুগ্ধ হয়েছিলাম। ভবঘুরে জীবন নিয়ে লায়লা সব সময় বলেন– আমি মানুষ দেখি, দুনিয়াতে কত রকমের মানুষ!’
 

আরও পড়ুন

×