ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভাঙ্গায় কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, আহত ৩০

ভাঙ্গায় কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, আহত ৩০
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৬ | ১৯:৪৫

ফরিদপুরের ভাঙ্গায় কোরবানির মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোরবানির গোশত মসজিদে রাখা হবে নাকি বাড়িতে নেওয়া হবে—এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের জামাত শেষে কোরবানির গোশত সংরক্ষণ নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। এক পক্ষের নেতৃত্ব দেন আবু বকর মুন্সি এবং অন্য পক্ষের নেতৃত্ব দেন কামরুজ্জামান সম্রাট। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

আহতদের মধ্যে জাকির হোসেন (৪২), আমির হোসেন (৪০), জামাল মোল্লা (৪৩), মান্নান মোল্লা (৫৫), রুবেল মিয়া (৩০), ইলিয়াস শেখ (৩০), সুজন মিয়া (২৮), আসাদ মোল্লা (৩৫), সম্রাট মোল্লা (৪০), হেনা বেগম (৫০), জাহিদ শেখ (৪৫), জালাল মোল্লা (৪০)-সহ আরও কয়েকজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন

×