পাওনা টাকার জন্য জানাজা ও দাফন আটকে দিলেন বিএনপি নেতা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মে ২০২৬ | ০২:২০
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গোলজার হোসেন নামের এক মৃত ব্যক্তির কাছে পাওনা টাকার জন্য জানাজা ও দাফন কার্যক্রম সাময়িকভাবে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। পরে পরিবারের সদস্যরা পাওনা টাকা পরিশোধের আশ্বাস দিলে জানাজা অনুষ্ঠিত হয়।
মৃত গোলজার হোসেন উপজেলার সনমান্দী ইউনিয়নের গোপেরবাগ এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঈদুল আজহার দিন দুপুরে তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে মশুরাকান্দা ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সময় সনমান্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েম প্রধান গোলজার হোসেনের কাছে ১ লাখ ৩৬ হাজার টাকা পাওনা থাকার দাবি তুলে জানাজা ও দাফনের কার্যক্রমে আপত্তি জানিয়েছেন। এতে কিছু সময়ের জন্য জানাজা বিলম্বিত হয়।
জানাজায় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজায় কয়েক শ’ মানুষ উপস্থিত ছিলেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। পরিবারের পক্ষ থেকে পাওনা টাকা পরিশোধের আশ্বাস দিলে পরে অনুষ্ঠিত হয়।
তবে মৃত গোলজারের ভাগিনা সাইফুল ইসলাম বলেন, বিষয়টির সমাধান হয়েছে। সায়েম প্রধান এ ঘটনায় উপস্থিত লোকজনের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
অভিযোগের বিষয়ে সায়েম প্রধান বলেন, গোলজার হোসেনের সঙ্গে তার ব্যবসায়িক লেনদেন ছিল এবং তার কাছে ১ লাখ ৩৬ হাজার টাকা পাওনা ছিল। বহুবার তাগাদা দিয়েও টাকা না পাওয়ায় বিষয়টির সমাধানের জন্য তিনি কথা বলতে গিয়েছিলেন। পরে পরিবারের সদস্যরা আগামী রোববারের মধ্যে টাকা পরিশোধের আশ্বাস দিলে বিষয়টির নিষ্পত্তি হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশকে কেউ অবগত করেনি। জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতো।
- বিষয় :
- সোনারগাঁ
