ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নারীর গলিত লাশ নেয়নি স্বজনরা

নারীর গলিত লাশ নেয়নি স্বজনরা
×

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১৬:০২

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার গ্রামের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার হওয়া পারভীন আক্তার (৫৫)-এর গলিত লাশ নিতে অস্বীকৃতি জানিয়েছে তার স্বজনরা। পরে স্থানীয় সামাজিক সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-এর উদ্যোগে তার দাফন সম্পন্ন করা হয়।

গত শনিবার বিকেলে পৌর এলাকার পূর্ব মেড্ডার তিতাস নদীসংলগ্ন বেওয়ারিশ কবরস্থানে পারভীন আক্তারের লাশ দাফন করা হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার ঈদের দিন সন্ধ্যায় সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামের একটি ভাড়া বাসা থেকে পারভীন আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ সময় ঘরের ভেতরে পড়ে থাকায় লাশটি পচে যায় এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা করা হলে স্বজনরা তা নিতে অস্বীকৃতি জানান। পারভীন আক্তারের দুই মেয়ে রত্না বেগম ও ফাতেমা এবং পরিবারের অন্যান্য সদস্যরা লাশ গ্রহণে অনাগ্রহ প্রকাশ করেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, প্রায় ৩৫ বছর আগে পারভীন আক্তারের প্রথম বিয়ে হয় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দুর্গাপুর গ্রামের বাচ্চু মিয়ার সঙ্গে। পরে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর তিনি আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকার ইসহাক মৃধাকে বিয়ে করেন। ইসহাক মৃধা ইতোমধ্যে মারা গেছেন।

পরবর্তীতে স্থানীয় সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ মরদেহ দাফনের দায়িত্ব নেয়। সংগঠনটির উদ্যোগে শনিবার লাশটি দাফন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মো. আজহার উদ্দিন জানান, পারিবারিক অনাগ্রহ ও মরদেহের অবস্থা বিবেচনায় শেষে তারা দাফনের ব্যবস্থা করেন।
 

আরও পড়ুন

×