দানের মাংসেই জমজমাট হাট, কেজি ৫০০ টাকা
ছবি: সংগৃহীত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১২:৪৫
প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাবনার ঈশ্বরদীর বিভিন্ন স্থানে বসেছে ব্যতিক্রমী মাংসের হাট। কোরবানির দানে কিংবা কসাইয়ের কাজের পারিশ্রমিক হিসেবে পাওয়া মাংস বিক্রির এ ক্ষণস্থায়ী হাটে প্রতি কেজি মাংস বিক্রি হয়েছে ৫০০ থেকে ৫৫০ টাকায়, যা বাজারদরের তুলনায় অনেক কম।
গত বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা এবং শুক্রবার সকালে পৌর শহরের রেলগেট এলাকার রেললাইন, ফকিরের বটতলা ও রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় এসব হাটে ব্যাপক ক্রেতা-বিক্রেতার সমাগম দেখা যায়।
সরেজমিন দেখা গেছে, অনেকেই ঈদের দিন বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করা দানের মাংস কিংবা কসাই হিসেবে কাজ করে পাওয়া মাংস বিক্রির জন্য নিয়ে এসেছেন। কম দামে মাংস কিনতে তাদের কাছে ভিড় করেছেন নিম্নআয়ের মানুষ ও যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই।
রেলগেট এলাকায় মাংস বিক্রি করতে আসা আমির হোসেন জানান, ঈদের দিন ও পরদিন কসাইয়ের কাজ করে তিনি প্রায় সাত কেজি মাংস পেয়েছেন। পরিবারের জন্য দুই কেজি রেখে বাকি অংশ বিক্রি করতে এসেছেন। একইভাবে ফকিরের বটতলায় মাংস বিক্রি করতে আসা মনিরুল ইসলাম বলেন, বিভিন্ন বাড়ি থেকে প্রায় ছয় কেজি মাংস সংগ্রহ করেছিলেন। সংরক্ষণের সুযোগ না থাকায় কিছু মাংস রেখে বাকিটা বিক্রি করছেন।
রমেছা বেগমসহ কয়েকজন নারীও দানের মাংস বিক্রি করতে এসেছিলেন। তারা জানান, সংগ্রহ করা মাংসের একটি অংশ পরিবারের জন্য রেখে বাকিটা ৫৫০ টাকা কেজি দরে বিক্রি করেছেন। ক্রেতাদের ভাষ্য, বাজারে গরুর মাংসের দাম প্রায় ৭৫০ টাকা কেজি হলেও এই হাটে ৫০০-৫৫০ টাকায় মাংস পাওয়া যাচ্ছে। ফলে স্বল্প আয়ের মানুষদের জন্য এটি স্বস্তির সুযোগ হয়ে উঠেছে।
স্থানীয়দের মতে, ঈশ্বরদীতে ঈদের দিন ও পরদিন বসা এই মাংসের হাট দীর্ঘদিনের একটি সামাজিক বাস্তবতা, যেখানে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষই মূলত নিম্নআয়ের মানুষ হওয়ায় সবাই কিছুটা উপকৃত হন।
- বিষয় :
- হাট-বাজার
