ছয় হাউসবোটকে জরিমানা জব্দ ১৪ সাউন্ড বক্স
টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান সমকাল
সুনামগঞ্জ ও তাহিরপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ০৮:১৯
| প্রিন্ট সংস্করণ
তাহিরপুর উপজেলার জীববৈচিত্র্যের আধার ও রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে পরিবেশগত বিধিনিষেধ অমান্য করায় ৬টি হাউসবোটকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে ১৪টি সাউন্ড বক্স।
গত রোববার টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন এলাকায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় দেখা যায়, হাউসবোটে বিধিনিষেধ অমান্য করে টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় প্রবেশ করে উচ্চ শব্দে গান বাজাচ্ছে। যার ফলে হাওরের প্রাকৃতিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ার অভিযোগে সেগুলোকে জবাবদিহির আওতায় আনা হয়। এ ছাড়া হাওরের পানিতে প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য ফেলার ঘটনাও শনাক্ত করা হয়, যা পরিবেশ দূষণের কারণ হিসেবে বিবেচিত।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, উচ্চ শব্দে গান বাজানোর কারণে পর্যটকদের নিরাপত্তা ও পরিবেশ দুটিই হুমকির মুখে পড়ছে। সম্প্রতি উচ্চ শব্দে গান বাজানোর সময় নৌকা থেকে পানিতে পড়ে একজন পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন অনিয়ন্ত্রিত ও ঝুঁকিপূর্ণ পর্যটন কার্যক্রম রোধে প্রশাসন কাজ করছে।
তিনি আরও বলেন, টাঙ্গুয়ার হাওরে পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন বিকাশে সরকার কাজ করছে। এজন্য হাউসবোটে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার বন্ধ রাখা, নির্ধারিত নৌপথ অনুসরণ করা এবং পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আইন ও নিয়ম লঙ্ঘন করে হাওরের নিষিদ্ধ ‘কোর জোনে’ প্রবেশ করে হাউসবোট। উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে বন্যপ্রাণী, পাখি ও প্রাকৃতিক পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন করছে। এ সময় সংশ্লিষ্টরা হাওরের পানিতে প্লাস্টিক দ্রব্য নিক্ষেপ করে পরিবেশ দূষণ থেকে সকলকে বিরত থাকারও অনুরোধ জানান। এমন কার্যক্রম রোধে সবার সহযোগিতা কামনা করেছেন প্রশাসন।
- বিষয় :
- জরিমানা
