ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মানিকগঞ্জে সজিব হত্যা

আসামির মুক্তির দাবিতে থানা আদালত চত্বরে বিক্ষোভ

আসামির মুক্তির দাবিতে থানা  আদালত চত্বরে বিক্ষোভ
×

মানিকগঞ্জে সজিব হত্যার আসামির মুক্তি চেয়ে সদর থানার সামনে বিক্ষোভ - সমকাল

মানিকগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ০৮:২৯ | আপডেট: ০২ জুন ২০২৬ | ১২:২১

| প্রিন্ট সংস্করণ

মানিকগঞ্জের সজিব হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আবদুল আলিমের মুক্তির দাবিতে সদর থানা, প্রেস ক্লাব ও কোর্ট চত্বরের সামনে বিক্ষোভ করেছেন তাঁর সমর্থকরা। আবদুল আলিম সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি। আদালত তাঁকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

গতকাল সোমবার সকাল ১০টার দিকে দুই শতাধিক নারী-পুরুষ মানিকগঞ্জ সদর থানার সামনে জড়ো হয়ে আব্দুল আলিমের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই দাবিতে দুপুর ১২টার দিকে তারা মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ করেন। এ সময় প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা অবস্থান শেষে তারা কোর্ট চত্বরে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা দক্ষিণ বালিয়াবিল গ্রামের বাসিন্দা।

বিক্ষোভকারীরা দাবি করেন, আলিম মেম্বার নির্দোষ এবং তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। তাই দ্রুত তাঁর মুক্তি নিশ্চিত করার দাবি জানান তারা। নিহত সজিবকে সন্ত্রাসী দাবি করে তারা বলেন, তাঁকে সবাই মিলে হত্যা করেছে। কোনো একক ব্যক্তি তাঁকে হত্যা করেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল এলাকায় মামা লুৎফর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন সজিব। রাত দেড়টার দিকে বালিয়াবিল গ্রামের ১০০ থেকে ১৫০ জনের একটি দল বাড়িটিতে হামলা চালায়। তারা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সজিবকে হত্যা করে।

বিক্ষোভে অংশ নেওয়া বালিয়াবিল গ্রামের চাঁন মিয়া বলেন, সজিব এলাকায় একজন চিহ্নিত ডাকাত। গত ১৫ মে লোকজন পাঠিয়ে আমার বাড়িতে ডাকাতির চেষ্টা করেছিল। গ্রামের লোকজন সজিবের সহযোগী তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। এ ছাড়া শনিবার রাতে গ্রামের সবাই মিলে সজিবকে হত্যা করে। ওই সময় সাবেক ইউপি সদস্য আব্দুল আলিম ছিলেন না। তাঁকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমার গ্রামের লোকজন তাঁর মুক্তির দাবিতে এখানে এসেছে। যদি গ্রেপ্তার করতে হয়, তবে পুলিশ বলুক, আমরা গ্রামের সবাই একসঙ্গে থানায় হাজির হবো।

হত্যার ঘটনায় নিহত সজিবের ভাই রাজিব বাদী হয়ে গত রোববার একটি হত্যা মামলা করেন। ওই মামলায় অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে সাবেক ইউপি সদস্য আবদুল আলিমকে গতকাল ভোরে গ্রেপ্তার করে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, সজিব হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আব্দুল আলিমকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়রা তাঁর মুক্তির দাবিতে থানার সামনে এসে কিছুক্ষণ অবস্থান ও স্লোগান দিয়ে চলে যান। এটি কোনো থানা ঘেরাও কর্মসূচি ছিল না। এভাবে মুক্তি চাইলেও কোনো আসামিকে থানা পুলিশ ছেড়ে দিতে পারে না। গতকাল সোমবার বিকেলে তাঁকে আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তাঁর জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সজিব হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

×