ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব শুরু হচ্ছে আজ

লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব শুরু হচ্ছে আজ
×

লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে আসতে শুরু করেছেন ভক্তরা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ০৮:২০

| প্রিন্ট সংস্করণ

সোনারগাঁয়ের বারদীতে আজ বুধবার শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব। এ উপলক্ষে বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিরোধান উৎসবে অংশ নিতে ইতোমধ্যে দেশ বিদেশ থেকে বিপুলসংখ্যক লোকনাথ ভক্ত বারদী আশ্রমে এসে পৌঁছেছেন। আজ বুধবার সকালে পূজা অর্চনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। 

উৎসব উপলক্ষে আশ্রম কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আশ্রমের মন্দির, তীর্থ নিবাসসহ আশ্রম এলাকা সাজানো হয়েছে রং-বেরঙের বর্ণাঢ্য সাজে। বারদী এলাকায় বসেছে সাত দিনব্যাপী মেলা। আশ্রম এলাকার নিরাপত্তা জোরদার করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন।

বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শংকর কুমার দে বলেন, তীরোধান উৎসব উপলক্ষে আশ্রমে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে ভক্তরা এসে আশ্রমের নিজস্ব হোস্টেল ও পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। বুধবার সকালে পূজা অর্চনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। উৎসবে পূজা, অর্চনা, ঊষাকীর্তন, বাল্যভোগ, রাজভোগ বিতরণ, গীতা পাঠ, প্রসাদ বিতরণ, লোকনাথ ব্রহ্মচারীর জীবন নিয়ে আলোচনা, সন্ধ্যা কীর্তনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, কয়েক বছর ধরে তিরোধান উৎসব উপলক্ষে সরকারিভাবে মেলার ইজারা বন্ধ থাকলেও স্থানীয় একটি প্রভাবশালী মহল এ বছর অবৈধভাবে বারদী বাজার খেলার মাঠে দোকানপাট বসিয়ে খাজনা আদায়ের প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসানোরও প্রস্তুতি প্রকাশ্যে চলছে বলে জানা গেছে। সোনারগাঁ উপজেলা বিএনপি ক্রীড়াবিষয়ক সম্পাদক করিম রহমান জানান, এবারের উৎসবে মেলার ইজারা নিয়েছি। আপনাকে সার্কাস দেখার আমন্ত্রণ রইলো। সেখানে অশ্লীল কিছু হলে তখন প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেবেন। 
তিরোধান উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে গতকাল মঙ্গলবার বারদী আশ্রম এলাকায় ব্রিফিং ও প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি বলেন, এ উৎসবে আশ্রম এলাকায় পুলিশ, র‍্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬ শতাধিক সদস্য নিরাপত্তায় থাকবেন। সিসি ক্যামেরা রয়েছে, মেঘনা নদীতে নৌ পুলিশসহ সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। 
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে আসা ভক্তদের নিরাপত্তায় পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। 
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, লোকনাথ ভক্তদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, অবৈধভাবে কোনো কিছু করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×