স্বামীর মরদেহ নিয়ে গ্রামে ফেরার পথে অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২
কালনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: সমকাল
নড়াইল সংবাদদাতা
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১২:২৪ | আপডেট: ০৩ জুন ২০২৬ | ১৩:৪৭
নড়াইলে স্বামীর মরদেহ নিয়ে গ্রামে ফেরার পথে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল-কালনা মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহানারা বেগম যশোরের মাহিদিয়া গ্রামের বাসিন্দা এবং আকবর হোসেন লক্ষ্মীপুর জেলার পূর্বচককলাপোতা গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে জানা যায়, ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে স্বামী ইসমাইল হোসেনের মরদেহ নিয়ে যশোরের মাহিদিয়া গ্রামের উদ্দেশে ফিরছিলেন স্ত্রী জাহানারা বেগম। পথে কালনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই জাহানারা বেগম নিহত হন। পরে আহতদের নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে অ্যাম্বুলেন্সচালক আকবর হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
