ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই
×

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ছবি: সমকাল

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ১৬:৫২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মার্কেটের প্রায় অর্ধশতাধিক দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ‘স্বপ্ন ছোঁয়া ক্ষুদ্র ব্যবসায়ী মার্কেট’ এবং ‘চেয়ারম্যান মার্কেটে’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যেই পুরো মার্কেট এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায় এবং ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক ব্যবসায়ী দ্রুত দোকানের মালামাল সরানোর চেষ্টা করলেও অধিকাংশ পণ্যই আগুনে পুড়ে যায়। 

খবর পেয়ে নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ঈদের মৌসুমকে কেন্দ্র করে তারা ঋণ করে দোকানে মালামাল তুলেছিলেন, যা পুরোপুরি পুড়ে যাওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন। এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, ঋণ করে দোকানে পণ্য তুলেছিলেন, কিন্তু আগুনে সব পুড়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। তাদের দাবি, ৮৫টি কাপড়ের দোকান, ১৫টি কসমেটিকস দোকান এবং কয়েকটি নার্সারি মিলিয়ে মোট ১০৫টি দোকান পুড়ে গেছে।

আরেক ব্যবসায়ী আব্দুল মান্নান জানান, প্রায় দেড় লাখ টাকা ঋণ করে ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু আগুনে সবকিছু শেষ হয়ে গেছে বলে তিনি জানান।

‘স্বপ্ন ছোঁয়া ক্ষুদ্র ব্যবসায়ী মার্কেট’-এর সাধারণ সম্পাদক মো. লাফসু অভিযোগ করেন, উপজেলায় নিজস্ব ফায়ার সার্ভিস না থাকায় পাশের উপজেলা থেকে দেরিতে ফায়ার সার্ভিস পৌঁছায়, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে এবং পুনর্বাসনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
 

আরও পড়ুন

×