বাঙ্গাবাড়ি সীমান্ত
নো ম্যান্স ল্যান্ডে থাকা সেই ২৮ জনকে আর দেখা যাচ্ছে না
নোম্যান্স ল্যান্ডে থাকা সেই ২৮ জনের ব্যবহৃত পোশাক ও ব্যাগ। ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ১৮:০৯ | আপডেট: ০৬ জুন ২০২৬ | ১৮:৩৯
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির প্রতিরোধের মুখে নো ম্যান্স ল্যান্ডে আটকে পড়া ২৮ জনকে আর দেখা যাচ্ছে না। দুই দিন খোলা আকাশের নিচে কাটানোর পর শনিবার ভোরে তারা 'নিখোঁজ' হন। তবে ওই স্থানে তাদের পোশাক ও ব্যাগ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে।
বিএসএফ এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু না জানালেও বিজিবির ধারণা, রাতের আঁধারে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে। বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এই ধারণা পোষণ করেন।
আনারপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহমান জানান, শুক্রবার রাতে তিনটি ভারতীয় গাড়ি বাঙ্গাবাড়ি সীমান্তে অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুই দফা ভারতীয় বাহিনী সীমান্তের লাইটগুলো ১০ মিনিটের জন্য নিভিয়ে ফেলে। এরপর থেকে ওই ২৮ জনকে আর শূন্যরেখায় দেখা যাচ্ছে না। তবে তাদের ব্যাগ ও পোশাক সেখানে পড়ে রয়েছে। কিছু জিনিসপত্র ও রান্নার উপকরণ তালগাছের পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে।
বিজিবির কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ‘সীমান্তের শূন্যরেখা থেকে নো ম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশের ৫০ গজ অভ্যন্তরে অবস্থান করছিলেন ওই ২৮ জন। কিন্তু শনিবার ভোর থেকে তাদের আর দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে।’
তিনি আরও বলেন, বিজিবি ১৬ ব্যাটালিয়নের আওতাধীন পুরো সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, গত বুধবার রাত ৩টার দিকে সীমান্ত পিলার ২০৩/৬-আর সংলগ্ন এলাকা দিয়ে ওই ২৮ জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। বিএসএফ ১২ ব্যাটালিয়নের আশরাফপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ঠেলে পাঠায়। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ শিশু রয়েছে। বিজিবির প্রতিরোধের মুখে তারা বাংলাদেশে আসতে পারেননি। এরপর থেকে তারা নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছিলেন।
