ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত
×

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ১৮:২৮

চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় মো. মজিবুল হক (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের উত্তরাংশে মিরসরাই ফিলিং স্টেশনের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজিবুল হক উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া গ্রামের মির্জাপাড়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

হাইওয়ে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মজিবুল হক বাড়ি থেকে বের হয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ নিজেদের হেফাজতে নেয়।

নিহতের ছোট ছেলে মোহাম্মদ আলাউদ্দিন জানান, তার বাবা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক কর্মচারী ছিলেন এবং অবসর জীবনযাপন করছিলেন। শনিবার দুপুরে হাঁটতে বের হয়ে বাড়ির সামনের মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি পিকআপের ধাক্কায় তিনি নিহত হন। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পিকআপটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’

আরও পড়ুন

×