ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

যাচ্ছিলেন মৃত মাকে দেখতে, পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মেয়ের

যাচ্ছিলেন মৃত মাকে দেখতে, পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মেয়ের
×

প্রতীকী ছবি

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১২:৫৯

ফরিদপুরের মধুখালীতে মৃত মায়ের মরদেহ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রেশমা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেশমা বেগম সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আব্দুর সাত্তার গাজীর স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, ঢাকা মেট্রো-গ ২৫-০৯৬২ নম্বরের একটি প্রাইভেটকার ফরিদপুর থেকে মাগুরার উদ্দেশ্যে যাচ্ছিল। সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটে গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশের বাউন্ডারি ওয়ালে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় গাড়িতে থাকা রেশমা বেগম গুরুতর আহত হন। খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার মায়ের মৃত্যু হওয়ায় শেষবারের মতো মরদেহ দেখতে পরিবারের সদস্যদের সঙ্গে রওনা হয়েছিলেন তিনি। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে থানার হেফাজতে নেন। পরে তিনি হাসপাতাল মর্গে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশ জানিয়েছে, মরদেহ বর্তমানে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

আরও পড়ুন

×