ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ট্রেনে জটলা তৈরি করে মোবাইল ছিনতাই, ভৈরবে ৫ ছিনতাইকারীর সাজা

ট্রেনে জটলা তৈরি করে মোবাইল ছিনতাই, ভৈরবে ৫ ছিনতাইকারীর সাজা
×

ছবি: সমকাল

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা 

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১৭:৪৯

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনে ওঠার সময় কৌশলে জটলা সৃষ্টি করে যাত্রীদের মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে পাঁচ ছিনতাইকারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে এক ছিনতাইকারীকে মোবাইল ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরে স্থানীয়রা পুলিশে সোপর্দ করে। এর আগে শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশনের পশ্চিম আউটার এলাকা থেকে আরও চারজনকে আটক করে রেলওয়ে থানা পুলিশ।

আটককৃতরা হলেন— পৌর শহরের পঞ্চবটি এলাকার ফুল মিয়ার ছেলে বাবুল মিয়া (২৮), নরসিংদীর পলাশ উপজেলার উত্তর চন্দন এলাকার আনোয়ার হোসেনের ছেলে সবুজ মিয়া (২২), কুমিল্লার চান্দিনা উপজেলার এতরায়পুর এলাকার মবিন মিয়ার ছেলে হাসান (২০), কুমিল্লা কোতোয়ালি থানার মুরাপাড়া এলাকার বাতেন মিয়ার ছেলে নুর আলম (২০) এবং শুভপুর এলাকার আবু তাহের মিয়ার ছেলে বিপ্লব আহসান (২৬)। 

পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করেন।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে যাত্রী ওঠার সময় কৃত্রিম জটলা সৃষ্টি করে মোবাইল চুরির চেষ্টা করছিল একটি চক্র। রেলওয়ে পুলিশের নজরদারিতে নুর আলম, বিপ্লব আহসান, সবুজ মিয়া ও হাসান মিয়াকে আটক করা হয়। এছাড়া বাবুল মিয়াকে প্ল্যাটফর্মে মোবাইল চুরির চেষ্টা করার সময় স্থানীয়রা ধরে পুলিশের কাছে হস্তান্তর করে।

তিনি আরও জানান, রোববার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আটক ব্যক্তিরা অপরাধ স্বীকার করেন। আদালত নুর আলম ও বিপ্লব আহসানকে তিন মাস, সবুজ মিয়া ও হাসান মিয়াকে দুই মাস এবং বাবুল মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দেন। স্টেশন এলাকায় যাত্রী হয়রানি, চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

×