ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

ভারতের কারাগারে আটক ৯১ জেলে দেশে ফিরলেন

ভারতের কারাগারে আটক ৯১ জেলে দেশে ফিরলেন
×

দেশে ফেরা জেলেরা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১৯:৪১

ভারতের কারাগারে আটক থাকা ৯১ জন জেলে দেশে ফিরেছেন। গতকাল রোববার দেশে ফেরার পর আজ সোমবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় চারটি ফিশিং বোটও মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড সূত্রে এই তথ্য জানা গেছে।

কোস্টগার্ড জানায়, আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে গত বছরের ১৬ ও ১৭ ডিসেম্বর এবং চলতি বছরের ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি চারটি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। পরে তাদের সে দেশের কারাগারে আটক রাখা হয়। এদিকে আটক জেলেদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক তৎপরতা শুরু করে। একই সঙ্গে বাংলাদেশ কোস্টগার্ড ভারতীয় কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করে। দুই বাহিনীর মধ্যে ধারাবাহিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে জেলে ও ফিশিং বোটগুলো প্রত্যাবর্তনের বিষয়টি চূড়ান্ত হয়। পরে রোববার বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে ৯১ জন জেলেকে হস্তান্তর করে ভারতীয় কোস্টগার্ড। এ সময় জেলেদের ব্যবহৃত চারটি ফিশিং বোটও ফেরত দেয় ভারতীয় কোস্টগার্ড।

কোস্টগার্ড আরও জানান, পরদিন অর্থাৎ গতকাল সোমবার মোংলায় বাংলাদেশ কোস্টগার্ড বেইসে আনুষ্ঠানিকতা শেষে পুলিশের মাধ্যমে জেলেদেরকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে ফিশিং বোটগুলোও মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। ভারত থেকে ফেরত আসা জেলেদের অধিকাংশের বাড়ি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বলে জানা গেছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা কমান্ডার শাহ্‌ কামরুজ্জামান বলেন, বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান সৌহার্দপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের ফলে এ ধরনের প্রত্যাবর্তন কার্যক্রম এখন আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। দুই দেশের সামুদ্রিক আইন প্রয়োগকারী বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির ফলে মানবিক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন

×