খসে পড়ছে ভবনের ছাদের পলেস্তারা খোলা মাঠে ক্লাস
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় মাঠে নেওয়া হচ্ছে ক্লাস। গতকাল সোমবার উপজেলার দক্ষিণ মাইজহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে- সমকাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ০৮:২৪
| প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ মাইজহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছে। ঈদুল আজহার ছুটির পর গত রোববার বিদ্যালয় খোলার পরপরই বিষয়টি নজরে আসে। এই ভবনে তিনটি শ্রেণিকক্ষ আছে। দুর্ঘটনার আশঙ্কায় ওই ভবন ছেড়ে পাঠদান করা হচ্ছে খোলা মাঠে মাদুর বিছিয়ে।
উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নে অবস্থিত বিদ্যালয়টি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, একতলা ভবনটি দীর্ঘদিন ধরেই নাজুক অবস্থায় ছিল। ছাদের বিভিন্ন অংশের পলেস্তারা ফেটে রড বেরিয়ে পড়েছিল। দেয়ালের অবস্থাও ছিল নাজুক। শ্রেণিকক্ষের পরিবেশ স্যাঁতসেঁতে ও অস্বাস্থ্যকর। মাঝে কিছুটা সংস্কার করা হয়েছিল।
১০৯ শিক্ষার্থীর বিদ্যালয়ে আছেন পাঁচজন শিক্ষক। প্রধান শিক্ষক সুরাইয়া বিলকিস জানিয়েছেন, ঈদের বন্ধের পর গত রোববার প্রথম বিদ্যালয় খুলেছে। এদিন সকালে গিয়ে বিদ্যালয় ভবনের তালা খুলতেই দেখতে পান, ভবনের ভেতর মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা আস্তরণের বড় বড় খণ্ড। ঝুঁকিপূর্ণ এই ভবনে পাঠদানের কোনো পরিবেশ ছিল না। যে কারণে রোববার থেকে বাইরে মাদুর বিছিয়ে খোলা আকাশের নিচে আপাতত পাঠদান চালিয়ে যাচ্ছেন। বৃষ্টি এলে সেটিও সম্ভব হয় না।
বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণার জন্য প্রধান শিক্ষক গতকাল সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত আবেদন করেছেন। এ তথ্য জানিয়ে সুরাইয়া বিলকিস আরও জানান, প্রায় তিন বছর আগে ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা দেখে শিক্ষা অফিসে লিখিত আবেদন করেছিলেন। তখন চার লাখ টাকায় কিছু মেরামত করা হয়েছিল। কিন্তু বন্ধের মধ্যে ছাদের পলেস্তারার বড় অংশ ধসে পড়েছে। পাকুন্দিয়ার ইউএনও রূপম দাস গতকাল সোমবার দুপুরের পর বিদ্যালয়টি পরিদর্শন করেছেন।
পাকুন্দিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম লিপি জানান, ছাদের আস্তর ধসের সংবাদে গত রোববার বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। আপাতত এখানে কোনো ক্লাস হচ্ছে না। স্থানীয়ভাবে অন্য ব্যবস্থা করে ক্লাস নেওয়ার উদ্যোগ নিতে বলা হয়েছে। প্রকৌশলীর মতামত নিয়ে বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
- বিষয় :
- ক্লাস শুরু