নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
প্রতীকী ছবি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ২০:০৪
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির রেজু আমতলী সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. আব্দুল খালেক (৩৫) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রেজু আমতলী সীমান্তের ৩৯ নম্বর পিলার সংলগ্ন একটি কলাবাগানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আব্দুল খালেক উখিয়ার ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা মো. আনুর ছেলে। তিনি সীমান্তে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন।
কক্সবাজারের বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রেজু আমতলী বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৩৯ থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহ আলমের কলাবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল খালেক ওই কলাবাগানে দিনমজুর হিসেবে কাজ করতে গিয়েছিলেন। সেখানে মাটির নিচে পুঁতে রাখা মাইনটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর সীমান্তজুড়ে সাধারণ মানুষের যাতায়াতের ওপর বাড়তি সতর্কতা জারি করেছে বিজিবি।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, মাইন বিস্ফোরণের কারণে সীমান্তবর্তী এলাকা অত্যন্ত ঝুঁকিতে রয়েছে। এ কারণে স্থানীয় জনসাধারণ ও রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্থলমাইনে জীবনের ঝুঁকি প্রতিরোধে বিজিবির তরফে স্থানীয়দের মাঝে সতর্কতামূলক লিফলেটও বিতরণ করা হয়েছে।