স্কুল ফিডিংয়ে ‘পচা’ খাবার সরবরাহ, গ্রেপ্তার ২
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ২২:১৮
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান স্কুল ফিডিং বা মিড ডে মিল প্রকল্পে ‘পচা’ খাবার সরবরাহে জড়িত থাকায় মাদারীপুরে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন এ এফ এম আহসানুল হাবিব (৫১) ও মো. নুরুজ্জামান (৪৩)। তারা সমতা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে স্কুল ফিডিং প্রকল্পের খাবার সরবরাহ কার্যক্রমে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাবিব ও নুরুজ্জামানকে মাদারীপুর পৌরসভার চাঁদমারী এলাকা থেকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ।
তিনি বলেন, ‘হাবিব ও নুরুজ্জামান সমতা ট্রেডার্স নামে ওই প্রতিষ্ঠানের অপারেশন ম্যানেজার। একটি স্কুল ফিডিং প্রকল্পে পচা খাবার সরবরাহের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছিলেন স্কুলটির প্রধান শিক্ষক।’
হাবিব ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ও নুরুজ্জামান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তদন্তে নষ্ট ও খাবার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় তাদের ভূমিকা ও দায়-দায়িত্বের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, কিছুদিন আগে মাদারীপুর সদর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কয়েকটি স্কুলে মিড ডে মিলের খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়। এরপর সরকার এ বিষয়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের জন্য চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসককে অনুরোধ করেন। তিনি অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানান।
- বিষয় :
- গ্রেপ্তার
- স্কুল ফিডিং কর্মসূচি
