ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

চুয়েট দিবসের অনুষ্ঠানে অর্থমন্ত্রী

করদাতার টাকার অপচয় মেনে নেওয়া হবে না

করদাতার টাকার  অপচয় মেনে  নেওয়া হবে না
×

আমির খসরু মাহমুদ

 চট্টগ্রাম ব্যুরো ও চুয়েট সংবাদদাতা

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩৬

| প্রিন্ট সংস্করণ

সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে করদাতার টাকার সঠিক ব্যবহার ও প্রতিদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘কোনো প্রকল্প অনুমোদনের আগে আমি চারটি বিষয় নিশ্চিত করি। অর্থের সঠিক মূল্য পাওয়া যাচ্ছে কিনা, বিনিয়োগ থেকে কী রিটার্ন আসবে, কর্মসংস্থান সৃষ্টি হবে কিনা এবং পরিবেশগত দিক রক্ষা করা হচ্ছে কিনা– এই চার শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প আমার কাছে আনবেন না, আমি ফেরত পাঠিয়ে দেব। কারণ এগুলো বাংলাদেশের সাধারণ করদাতাদের টাকা। কোনো অবস্থাতেই এর অপচয় মেনে নেওয়া হবে না।’
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী দিবসটি উদযাপন করা হয়। 

দিবসটি উপলক্ষে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শাখা থেকে ব্যানারসহ র‍্যালি নিয়ে স্বাধীনতা চত্বরে সমবেত হন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বের করা হয় আনন্দ র‍্যালি। দুপুর ১২টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজনে যোগ দেন প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

বেলা ১টায় আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের উপহার দেওয়া ছয়টি বাসের উদ্বোধন করা হয়। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে বাসগুলোর চাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

পরে কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভা। এতে সম্মানিত অতিথির বক্তব্যে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এমপি বলেন, দেশের শিক্ষার্থীরা পড়াশোনা শেষে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতার সঙ্গে কাজ করছেন। তাদের মেধা ও দক্ষতাকে দেশের উন্নয়নেও কাজে লাগানোর উদ্যোগ নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন ইউটিপির পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আইআর. ড. মোহাম্মদ আজুয়ান বিন মাওনসার। সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।

আরও পড়ুন

×