ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

চৌগাছার সেই ‘ব্রাজিলবাড়ি’

চৌগাছার সেই ‘ব্রাজিলবাড়ি’
×

ছবি: সমকাল

যশোর অফিস

প্রকাশ: ১১ জুন ২০২৬ | ২২:২১

যশোরের চৌগাছায় আট বছর আগে ২০১৮ সালের বিশ্বকাপের সময় ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়ে ‘ব্রাজিলবাড়ি’ নাম দিয়েছিলেন ব্রাজিলভক্ত জামির হোসেন। গত আট বছর পর এখন চৌগাছা শহরের যে কাউকে জিজ্ঞেস করলে বলে দিতে পারবেন ব্রাজিলবাড়ির ঠিকানা। এই আট বছরে রং হয়তো কিছুটা মলিন হয়েছে, তবে ব্রাজিলের প্রতি ভালোবাসা একটু কমেনি ভক্ত জামির হোসেনের। আলোচিত এই ব্রাজিলবাড়িটি যশোরের চৌগাছা উপজেলা শহরের চৌগাছা-কোটচাঁদপুর সড়কের ইছাপুর বটতলায়।

জামির হোসেন চৌগাছা পৌরসভার পাঁচনমনা গ্রামের বাসিন্দা হলেও ইছাপুর বটতলায় নিজের বাসভবনে বসবাস করেন। ২০১৮ সালের বিশ্বকাপের সময় তাঁর দোতলা (এখন তিনতলা) বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়ে ‘ব্রাজিলবাড়ি’ নাম দিয়েছিলেন। বাড়িটির নিচতলায় ওয়েভ ফাউন্ডেশন নামের একটি এনজিওর অফিস। দোতলায় জামির থাকেন তাঁর পরিবার নিয়ে। চৌগাছা শহরের বাসস্ট্যান্ডে ‘ফেমাস অটো’ নামে মোটরসাইকেল শো-রুমের পাশাপাশি টিভি-ফ্রিজের একটি শো-রুম রয়েছে জামিরের।

জামির হোসেন জানান, তিনি ফুটবল ভালোবাসেন। ফুটবলে তাঁর ভালোবাসা ব্রাজিল। তাই ২০১৮ সালের বিশ্বকাপের আগে ব্রাজিলের পতাকার রঙে নিজের বাড়িটিকে রাঙিয়েছেন। এখনও বাড়িটিতে সেই রং আছে। শহরের সবাই তাঁর বাড়িকে ব্রাজিলবাড়ি হিসেবেই চেনেন।

স্মৃতিচারণ করে জামির হোসেন বলেন, ২০১৮ সালের বিশ্বকাপে ৭০ হাজার টাকা খরচ করে বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছেন। পাশাপাশি ২০ হাজার টাকার ব্রাজিলের জার্সিও কিনেছিলেন। দল বেশিদূর যেতে পারেনি। তাই এখনও সেই সময়ের ৭৫টি জার্সি রয়েছে। এগুলো নিয়ে এবার শোভাযাত্রা হবে। দুশ থেকে তিনশ মোটরসাইকেল নিয়ে এ শোভাযাত্রা হবে। 

জামির হোসেন আরও বলেন, ফুটবলে জয়-পরাজয় থাকবে। তবে প্রত্যাশা থাকে উত্তেজনাপূর্ণ ভালো ফুটবল খেলার। শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও ভালো ফুটবল খেলুক, এই প্রত্যাশা করেন তিনি। তিনি বলেন, ‘ক্রিকেটে ভারত-পকিস্তান যেমন উত্তেজনা থাকে, তেমনি ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার উত্তেজনা থাকবে। তবে সেটি যেন কখনোই সংঘাতে পরিণত না হয়।’

ফিফা ফুটবল বিশ্বকাপ নিয়ে গোটা যশোরে বিভিন্ন ফুটবল দলের সমর্থকদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। অনেক বাসাবাড়ির ছাদে, রাস্তার পাশে টানানো হয়েছে প্রিয় দলের পতাকা। কার চেয়ে কে বড় পতাকা টানাবে, এই প্রতিযোগিতাও শুরু হয়েছে।

আরও পড়ুন

×