ভারত থেকে বিধিবহির্ভূতভাবে পুশইন করার চেষ্টা হচ্ছে: পররাষ্ট্রপ্রতিমন্ত্রী
অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ১৯:৩৬ | আপডেট: ১৩ জুন ২০২৬ | ১৯:৩৭
ভারত থেকে বিধিবহির্ভূতভাবে পুশইন (ঠেলে পাঠানো) করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি ভারত সরকারকে নীতিমালা অবলম্বন করে অবৈধ বাংলাদেশিদের পাঠানোর আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত ভারতীয়দের নীতিমালা অবলম্বন করে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সীমান্তে পুশইন সম্পর্কে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, পুশইন ঠেকাতে বাংলাদেশ সরকার শক্ত অবস্থানে রয়েছে। ভারত থেকে যেসব পুশইন করার চেষ্টা করা হচ্ছে সেটা বিধিবহির্ভূত। এটি বন্ধ করার জন্য ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১৩টি চিঠি দেওয়া হয়েছে দিল্লিকে।
ভারত সরকারকে নীতিমালা অবলম্বন করে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো আহ্বান জানিয়ে তিনি বলেন, যেসব দেশে বাংলাদেশের অবৈধ নাগরিকদের ফেরত নেওয়ার জন্য বা দেওয়ার জন্য—একটি সুস্পষ্ট নীতিমালা আছে। আমরা আশা করব, ভারত সরকার সেই নীতিমালা অবলম্বন করবে। যদি কোনো বাংলাদেশী সেখানে অবৈধভাবে থেকে থাকে; তারা নীতিমালা অবলম্বন করে বৈধ পথে তাদেরকে ফেরত পাঠাবে। একইভাবে বাংলাদেশের যদি কোনো অবৈধ ভারতীয় থেকে থাকে তাদেরকে আমরা নীতিমালা অবলম্বন করে ফেরত পাঠাব। বিষয়টি নিয়ে আমরা কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছি এবং কূটনীতির মাধ্যমে সমাধান হবে।
এর আগে, ফিতা কেটে ও দোয়ার মধ্য দিয়ে প্রেসক্লাবের ভবনের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে তাকে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় আলোচনা সভায় বক্তব্যকালে সংবাদের সত্যতা যাচাই বাছাই করে পরিবেশন করার আহ্বান জানান সাংবাদিকদের।
শামা ওবায়েদ আরও বলেন, এখন সংবাদমাধ্যমে ছেয়ে গেছে। মেইনস্ট্রিম সংবাদমাধ্যম ছাড়াও, সামাজিক গণমাধ্যম কিন্তু মেইনস্ট্রিমের গণমাধ্যম হিসেবে পরিণত হচ্ছে। পাশাপাশি মেইনস্ট্রিম গণমাধ্যমগুলোতে অনেক সময় মিস ইনফরমেশন (ভুল তথ্য) প্রকাশিত হচ্ছে৷ এআই ব্যবহার করে বিভিন্ন দল, বিরোধী দল ও বিরোধী মত বা যাকে পছন্দ না—তার বিরুদ্ধে বিষোদগার করে সংবাদ তৈরি করে অনেক সময় প্রকাশ করা হয়। এগুলোর বিরুদ্ধে বিএনপি সরকার সোচ্চার আছে। কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্যবশত সেরকম আইন এখনও প্রণয়ন হয়নি বা প্রণয়ন হলেও আইনের প্রয়োগ নেই। একটা গুলিতেও মানুষকে ঘায়েল করা যায়, লাঠি দিয়েও ঘায়েল করা যায়। আবার মিথ্যা সংবাদ পরিবেশন করেও মানুষকে অপমানিত করা যায়। সুতরাং, মিথ্যা সংবাদ পরিবেশন থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে। সত্যকে উদঘাটন করে যাচাই-বাছাই করে তারপর প্রকাশিত করতে হবে।
এছাড়া বিরোধী দলের বিভিন্ন বট বাহিনী মিথ্যা সংবাদ পরিবেশন করে ছড়াচ্ছে—এগুলোর বিরুদ্ধে জেলা ও উপজেলা সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার প্রমুখ।
- বিষয় :
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী
