ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

পেকুয়ার শহীদ জুলাই যোদ্ধা ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী 

পেকুয়ার শহীদ জুলাই যোদ্ধা ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী 
×

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

‎‎কক্সবাজার প্রতিনিধি ও পেকুয়া সংবাদদাতা

প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ২০:১৭

চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের হাতে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দিয়েছেন। 

আজ ‎শনিবার বিকেল ২টায় প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলা সদরে পৌঁছে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

‎কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান সেখানে শহীদ ওয়াসিম আকরামের মা জোসনা বেগমের হাতে ২০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র তুলে দেন। এ সময় শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলমসহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

‎প্রধানমন্ত্রী তারেক রহমান এসময় পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

‎পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদ ওয়াসিম আকরামের স্মৃতি সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

‎উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার দিনব্যাপী কক্সবাজার সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সফরের অংশ হিসেবে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন উদ্বোধন, পথসভায় অংশগ্রহণ, ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন এবং গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শনের পাশাপাশি শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। 

আরও পড়ুন

×