ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

৭ দিনের ব্যবধানে পদ্মা নদী থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

৭ দিনের ব্যবধানে পদ্মা নদী থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
×

ছবি: সমকাল

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১৭:৩২

নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে সাত দিনের ব্যবধানে আবারও গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যক্তি। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার রাইটার চর এলাকার নদীপাড়ে একটি মাছ ধরার নৌকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাহাবুল ইসলাম (৪৫) পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর এলাকার ইউনুছ প্রামাণিকের ছেলে। আহত রবিউল ইসলাম (৩৭) একই নৌকায় ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ২টা থেকে আড়াইটার মধ্যে ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে করে চরাঞ্চলে এসে নদীর তীর ঘেঁষে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় শ্যালো ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকায় থাকা সাহাবুল ইসলাম গুলিবিদ্ধ হন। গুলি তার ডান কাঁধের ওপরের অংশে লাগে। এতে শরীরের সামনের অংশে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। তার থুতনির নিচেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। একই ঘটনায় নৌকায় থাকা রবিউল ইসলাম আহত হন। প্রাণ বাঁচাতে তিনি নদীতে ঝাঁপ দিয়ে সরে যান বলে জানা গেছে। খবর পেয়ে মঙ্গলবার দুপুর ৩টার দিকে রাইটার চর এলাকায় নদীর পাড়ে একটি নৌকা থেকে সাহাবুল ইসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

লক্ষীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির এসআই সেলিম মিয়া বলেন, নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক সুরতহালে শরীরে গুলির আঘাতের প্রমাণ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

এর আগে গত ৯ জুন পদ্মা নদীর বালুমহাল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় আজিজুল হক ঝড়ু (৩৫) নামে এক ব্যক্তি নিহত হন। সেদিন লালপুরের সীমান্তবর্তী চরজাজিরা মৌজার পদ্মা নদীর তীর থেকে একটি স্পিডবোটের ভেতর তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি স্পিডবোটও জব্দ করা হয়।

স্বল্প সময়ের ব্যবধানে পদ্মা নদী ও চরাঞ্চলে পরপর দুটি গুলিতে মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ বলছে, সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×