স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর, হাসপাতালের উপ-পরিচালক প্রত্যাহার
নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ঝটিকা পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ছবি: সমকাল
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১৬:৪৩ | আপডেট: ১৬ জুন ২০২৬ | ১৭:৩৭
নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ঝটিকা পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে হাসপাতালের চরম অব্যবস্থাপনা, নোংরা পরিবেশ এবং চিকিৎসকদের দেরিতে উপস্থিতির প্রমাণ পেয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।
একই সঙ্গে দায়িত্বে অবহেলার দায়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. ফরিদ উদ্দিন চৌধুরীকে তাৎক্ষণিক প্রত্যাহারের (ক্লোজড) নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে মোবাইল ফোনে কল করে উপ-পরিচালককে প্রত্যাহার করার নির্দেশ দেন মন্ত্রী।
মঙ্গলবার কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ নোয়াখালী জেনারেল হাসপাতালে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি হাসপাতালের পুরুষ, মহিলা, শিশু ও ডায়রিয়া ওয়ার্ড, জরুরি বিভাগসহ বিভিন্ন ইউনিট সরেজমিন ঘুরে দেখেন।
এ সময় হাসপাতালের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ এবং নোংরা টয়লেট দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। একই সঙ্গে, সরকারি নিয়ম অনুযায়ী অনেককে চিকিৎসককে নির্ধারিত সময়ে উপস্থিত পাননি তিনি।
প্রশাসনিক শিথিলতা দেখে তাৎক্ষণিক ব্যবস্থা
এ সময় হাসপাতালের পরিস্থিতি এবং প্রশাসনিক শিথিলতা দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি পরিদর্শনস্থল থেকেই সরাসরি টেলিফোনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) কল করেন এবং হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. ফরিদ উদ্দিন চৌধুরীকে জরুরি ভিত্তিতে ক্লোজড করার নির্দেশ দেন।
পরবর্তীতে তিনি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামানের সঙ্গেও মুঠোফোনে কথা বলেন এবং নোয়াখালী জেনারেল হাসপাতালের সার্বিক অব্যবস্থাপনা দূর করতে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।
পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা বা নোংরামি বরদাশত করা হবে না। ডাক্তাররা সময়মতো আসবেন না, হাসপাতাল নোংরা থাকবে—এই সংস্কৃতি বন্ধ করতে হবে। যারা দায়িত্ব পালন করতে পারবেন না, তাদের পদে থাকার কোনো অধিকার নেই।
মন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী কয়েক দিনের মধ্যে হাসপাতালের পরিবেশ উন্নত না হলে এবং চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা না গেলে আরও বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রীর এই ঝটিকা পরিদর্শনের সময় নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) এন এম নাসির উদ্দিন, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- স্বাস্থ্যমন্ত্রী
- নোয়াখালী
- হাসপাতাল
