ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় সাতনদী পত্রিকার সম্পাদকের ওপর হামলার অভিযোগ

সাতক্ষীরায় সাতনদী পত্রিকার সম্পাদকের ওপর হামলার অভিযোগ
×

দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:১৯ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৪৩

সংবাদ প্রকাশের জের ধরে সাতক্ষীরার দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে সাতক্ষীরা পৌরসভা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

হামলায় আহত হাবিবুর রহমান সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তিনি শহরের মুনজিতপুর এলাকার নিজ বাড়িতে রয়েছেন। এ ঘটনায় হাফিজুর রহমানসহ অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

হাবিবুর রহমান সমকালকে বলেন, রোববার বেলা পৌনে ২টার দিকে ব্যবসায়িক ট্রেড লাইসেন্স নবায়নের জন্য তিনি সাতক্ষীরা পৌরসভায় যান। পৌরসভার ফটকের কাছে পৌঁছালে হাফিজুর রহমান ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন তাঁর পথরোধ করেন। এ সময় হাফিজ তাঁকে বলেন, ‘আমার বোনের জামাইয়ের বিরুদ্ধে তুই নিউজ করেছিস। আজ তোকে শেষ করে দেব।’

পরে তিনি পৌরসভার লাইসেন্স শাখার ১১৪ নম্বর কক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলেন। তখন হাফিজসহ অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজন সেখানে ঢুকে তাঁকে গালাগাল করতে থাকেন। একপর্যায়ে হাফিজ তাঁর শার্টের কলার ধরে টানাহেঁচড়া করেন এবং ঘুষি মারেন। এতে তিনি আহত হন।

হাবিবুর রহমান আরও বলেন, পরে পৌরসভার লাইসেন্স শাখার কর্মকর্তা রায়হান আহমেদ ও জুলহাস উদ্দিনসহ অন্যরা তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

হামলার বিষয়ে জানতে চাইলে হাফিজ বলেন, হাবিবুর রহমান তার নিকট আত্মীয়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছেন। রোববার দুপরে সাতক্ষীরা পৌরসভায় তার সঙ্গে দেখা হলে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×