ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়া পাচারের প্রস্তুতি, টেকনাফে ৫ জন উদ্ধার

মালয়েশিয়া পাচারের প্রস্তুতি, টেকনাফে ৫ জন উদ্ধার
×

ছবি: সংগৃহীত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৩০

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে মানবপাচারের শিকার পাঁচজনকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। সোমবার রাত দেড়টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার দুপুরে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম.ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা মিনি বাজার এলাকার সিফাত, সাইফুল ইসলাম ও শামীম এবং টেকনাফ সদর উপজেলার গোদারবিল এলাকার আব্দুল হামিদ রয়েছেন। বাকি একজনের নাম প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ (টেকনাফ)-এর একটি দল মধ্যম কচ্ছপিয়া এলাকায় নুরুল কবিরের বসতবাড়ির সামনের সড়কে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মানবপাচারকারী চক্রের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব জানতে পারে, আর্থিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে পাচারকারী চক্রটি পাঁচজনকে জবরদস্তিমূলক শ্রম ও সেবা আদায়ের অসৎ উদ্দেশ্যে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি নিচ্ছিল। নৌযানের মাধ্যমে সমুদ্রপথে তাদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা ছিল।

র‌্যাবের সহকারী পরিচালক আ. ম. ফারুক বলেন, টেকনাফ উপকূলে মানবপাচারকারী চক্র সক্রিয় হয়ে উঠছে। ফলে সমুদ্রপথে অবৈধভাবে বিদেশে মানবপাচার ঠেকাতে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। মানবপাচারসহ সংঘবদ্ধ অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×