সরু গলির শহরে যানজটে দুর্ভোগ
জামালপুরের দেওয়ানগঞ্জ শহরের কামিল মাদ্রাসা সড়কে যানজট সমকাল
রাজ্জাক মিকা, দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ০৯:২৫
| প্রিন্ট সংস্করণ
সরু গলির শহর দেওয়ানগঞ্জ। শহরের মধ্যেই একাধিক ইজিবাইক ও অটোরিকশা স্ট্যান্ড। রাস্তার যত্রতত্র যাত্রী ওঠানামা করায় বাড়ছে যানজটের ভোগান্তি। যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ চান শহরবাসী।
শহরের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধান তিন সড়কের শহর দেওয়ানগঞ্জ। সরকারি উচ্চ বিদ্যালয় সড়ক, কামিল মাদ্রাসা সড়ক ও থানা সড়ক। দুপাশে অনেকটা পুরোনো দোকানপাট, মাঝখানে সরু গলি। এই শহরে ইজিবাইক ও অটোরিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় ক্রমেই বাড়ছে যানজট। বেশির ভাগ সময় থানা সড়ক, জিরো পয়েন্ট থেকে পশ্চিমে কামিল মাদ্রাসা সড়ক ও উত্তরের হাইস্কুল সড়কে যানজট লেগে থাকে।
দেওয়ানগঞ্জ শহরে ইজিবাইক ও অটোরিকশার কয়েকটি স্ট্যান্ড রয়েছে। শহরের ভেতর সড়কের দুপাশে ইজিবাইক দাঁড় করিয়ে যাত্রী তোলেন চালকরা। চার চাকার বড় যানবাহন চলাচলের সময় সড়ক বন্ধ হয়ে যানজট তৈরি হয়। সে সময় দুপাশের দোকানপাটেও বেচাকেনায় বিঘ্ন ঘটে।
শহরের ভেতরের গলিগুলো এতো সরু যে, একসঙ্গে দুটি ভারী যানবাহন অতিক্রম করতে পারে না। শহর পেরোনোর জন্য এখানে নেই বাইপাস সড়ক। শহরের ভেতর পশ্চিম-দক্ষিণ পাশে গরুর হাট। প্রতি রবি ও বুধবার সাপ্তাহিক হাটের দিন মূল সড়ক পর্যন্ত গরু দাঁড়িয়ে থাকে। সে সময় ওই সড়কে যানবাহন চলাচল করতে পারে না। জরুরি কাজে চালকরা অন্য সড়ক হয়ে গন্তব্যে যান। একই সঙ্গে গরুর হাট ও কাঁচামালের বাজার হওয়ায় ক্রেতা-বিক্রেতার সমাগমে সরকারি কলেজ সড়কের খানিকটা বন্ধ থাকে।
গত বুধবার শহরের জিরো পয়েন্ট থেকে থানা সড়ক, সরকারি উচ্চ বিদ্যালয় সড়ক ও কামিল মাদ্রাসা সড়কের দুপাশে ইজিবাইক দাঁড় করানো দেখা যায়। সড়কের মাঝ থেকে দুপাশের দোকানপাটে যাওয়া কঠিন। পৌরসভার ট্রাফিক নিয়ন্ত্রণকর্মী বাঁশি ফুঁকছেন আর একে ওকে গাড়ি সরানোর সংকেত দিচ্ছেন। তাতেও কমছে না যানজট। কয়েকজন দোকানদার, পথচারী ও যানবাহন চলকের সঙ্গে কথা বললে তারা জানান, শহরের সড়কগুলো সম্প্রসারণ করা জরুরি হয়ে পড়েছে।
শহরের ওষুধ ব্যবসায়ী রাশেল মিয়া জনান, সরকারি উচ্চ বিদ্যালয় সড়কের পশ্চিম পাশে তাঁর ওষুধের দোকান। সামনের সড়কে সব সময় ইজিবাইকে ঠাসা থাকে। যানজটের কারণে বেচাকেনা করতে সমস্যা হয়। কেনাকাটা করার সময় হাঁটাচলা করতে পারেন না অতিরিক্ত যানবাহনের কারণে। দ্রুত সরু সড়কগুলো সম্প্রসারণ করার দাবি জানান তিনি।
কামিল মাদ্রাসা সড়কের ইলেকট্রনিক পণ্য ব্যবসায়ী শহিদ মিয়া বলেন, তাঁর দোকানের সামনে সব সময় ইজিবাইক, অটোরিকশা দাঁড় করানো থাকে। ক্রেতারা সহজে দোকানে আসা যাওয়া করতে পারেন না। যানজটের কারণে তাঁর বেচাকেনায় সমস্যা হয়।
থানা সড়কের কসমেটিক ব্যবসায়ী এরশাদ মিয়ার ভাষ্য, খুব কম সময়ের মধ্যে ইজিবাইকের সংখ্যা বেড়েছে কয়েকগুণ। দোকানের সামনে ইজিবাইক থাকায় বেচাকেনায় অসুবিধা হচ্ছে। দীর্ঘদিন থেকে এ অবস্থা চলছে। দ্রুত শহরের রাস্তাগুলো সম্প্রসারণ করার দাবি জানান তিনি।
বাহাদুরাবাদ এলাকার আজাদুল হক জানান, শহরের ভেতরের সড়কে যানবাহনের ঠাসাঠাসি থাকে। শহরে চলাচল করা কঠিন হয়ে পড়ছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবীব পলিন বলেন, দেওয়ানগঞ্জ প্রাচীনতম শহর। এই শহরের ভেতরের সড়কগুলো অত্যন্ত সরু। সে কারণে যানজট ক্রমেই বাড়ছে। দ্রুত আধুনিক নগরায়ণ করে যানজটের দুর্ভোগ থেকে শহরবাসীর মুক্তির দাবি জানান তিনি।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহ জহুরুল হোসেন জানান, বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের প্রচেষ্টায় নগর উন্নয়ন প্রকল্প শুরু হতে যাচ্ছে।
এই প্রকল্পে রাস্তা প্রশস্তকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা রাখা হয়েছে। এতে যানজটের ভোগান্তির লাগব হবে এবং উন্নত শহুরে পরিবেশ বিরাজ করবে।
- বিষয় :
- দুর্ভোগ