ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

যন্ত্রণা লাঘবে বারবার ক্লিনিকে যাচ্ছে হনুমানটি

যন্ত্রণা লাঘবে বারবার ক্লিনিকে যাচ্ছে হনুমানটি
×

শরীরে জখম। ব্যথায় কাতর হনুমানটি এসেছে চিকিৎসা নিতে। রাজবাড়ীর পাংশা উপজেলা সদরের হামিদা মেডিকেল সেন্টারে সমকাল

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ০৭:৪৩

| প্রিন্ট সংস্করণ

ধারালো অস্ত্রের আঘাতে আহত হনুমানটি যন্ত্রণায় কাতর হয়ে হাজির হয় একটি প্রাইভেট ক্লিনিকে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর পাংশা সদরের হামিদা মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে হনুমানটি হঠাৎ পাংশা সদরে অবস্থিত হামিদা মেডিকেল সেন্টারে রোগীদের বসার স্থানে এসে বসে পড়ে। এ সময় সেখানে উপস্থিত কেউ হনুমানটির ছবি তুলছিল, কেউবা কলা দিচ্ছিল। কিন্তু যন্ত্রণায় কাতর হনুমানটি মাথা নিচু করে বেঞ্চে শুয়ে পড়ছিল। দীর্ঘ সময় পরে প্রাণিসম্পদ বিভাগের একজন কর্মী এসে হনুমানটিকে ইনজেকশন দেন। এতে সুস্থ বোধ করায় আবার এটি ফিরে যায়।

স্থানীয় বাসিন্দা মোস্তফা কামাল জানান, তিনি উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও বন বিভাগের কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছিলেন। তাদের সাড়া না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান।
হামিদা মেডিকেল সেন্টারের মালিক আরিফুল ইসলাম জানান, পাংশা উপজেলার হাবাসপুরের এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে হনুমানটিকে আঘাত করে। দুদিন আগেও হুনুমানটি ক্লিনিকে এসেছিল। তখন হাত দিয়ে এটি তার কাঁধ দেখাচ্ছিল। সেখানে কয়েকটি সেলাই দেওয়া হয়। গতকাল সকালে আবার হনুমানটি আসে। ১০ থেকে ১৫ মিনিট থেকে চলে যায়। এরপর দুপুর ১টার দিকে আবার আসে। কিন্তু তাদের এখানে কোনো প্রাণী চিকিৎসক না থাকায় তারা প্রাণীটিকে চিকিৎসা দিতে পারেননি।

পাংশা উপজেলা বন কর্মকর্তা মো. আজিজুল হক জানান, এক সপ্তাহ আগে পাংশার বাহাদুরপুর ইউনিয়নে হনুমানটিকে কেউ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। সে সময় কেউ ক্ষতস্থানে সেলাই দিয়ে ছেড়ে দেন। সেলাইয়ের ক্ষত এখনও শুকায়নি। ফলে যন্ত্রণা হচ্ছে। বিষয়টি জানার পর প্রাণিসম্পদ অফিসের চিকিৎসক পাঠিয়ে এটির চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসার পরই হনুমানটি চালের ওপরে উঠে যায়। এটি তাদের পর্যবেক্ষণে রয়েছে।
আজিজুল হক বলেন, রাজবাড়ীর পাংশা অঞ্চল হনুমানের বিচরণের স্থল নয়। ধারণা করা হচ্ছে, যশোর থেকে খাবারের সন্ধানে এখানে এসেছে।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত উল হক হনুমানটির চিকিৎসায় ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
 

আরও পড়ুন

×